Published : 27 Jul 2026, 12:09 AM
রাজধানীর খিলগাঁওয়ের নন্দিপাড়ায় ‘বিএনপির লোক’ পরিচয়ে চাঁদা দাবির অভিযোগে স্থানীয়দের মারধরের শিকার এক ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে পুলিশ।
ঘটনাস্থল থেকে গুলিভর্তি একটি অস্ত্র ও ছুরি উদ্ধারের তথ্য দিয়েছে পুলিশ।
রোববার দুপুরে খোরশেদ আলম সোহেল (৪৫) নামে ওই ব্যক্তিকে নন্দিপাড়া এলাকা থেকে উদ্ধার করে পুলিশ হাসপাতালে নিয়ে যায় বলে তথ্য দেন ডিএমপির খিলগাঁও জোনের সহকারী কমিশনার তৌফিক আহমেদ। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “স্থানীয় জনগণের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ওই ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে।
“তিনি মারধরের শিকার হওয়ার পর স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ সেখান থেকে গুলি ভর্তি একটি অস্ত্র ও ছুরি উদ্ধার করেছে। স্থানীয় জনগণ পুলিশকে বলেছে, ওই ব্যক্তি বিএনপির দলীয় লোক পরিচয় দিয়ে অস্ত্র দেখিয়ে চাঁদা নেওয়ার চেষ্টা করছিল। এরপরেই জনগণ তাকে ধরে মারধর করে।”
উদ্ধার হওয়া অস্ত্রটি আহত ওই ব্যক্তির কিনা তা যাচাই করা হচ্ছে বলে তথ্য দেন তৌফিক আহমেদ।
এদিকে সোহেলের পরিবার পুলিশের কাছে দাবি করেছে, পরিচিত লোক তাকে ডেকে নিয়ে হত্যার চেষ্টা চালায়। আহত সোহেল বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ কর্মকর্তা তৌহিক আহমেদ বলেন, “সব বিষয় মাথায় রেখে তদন্ত করা হচ্ছে। খোরশেদ আলম সোহেলের বিরুদ্ধে কোনো অভিযোগ আছে কিনা তা খতিয়ে দেখছি আমরা।”