২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

র‍্যাশফোর্ডের চোটের জন্য ব্যস্ত সূচিকে দুষলেন টেন হাগ

ম্যানচেস্টার ইউনাইটেড কোচ মনে করেন, খেলোয়াড়রা পর্যাপ্ত বিশ্রাম পাচ্ছেন না।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2023, 04:03 PM

Updated : 09 Apr 2023, 04:03 PM

এভারটনের বিপক্ষে ম্যাচে দলের সবচেয়ে ফর্মে থাকা খেলোয়াড় মার্কাস র‍্যাশফোর্ড চোট পাওয়ায় বড় ধাক্কা খেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। প্রচণ্ড ক্ষেপেছেন দলটির কোচ এরিক টেন হাগ। তার মতে, এই চোটের পেছনে টানা ম্যাচ খেলার ধকলই একমাত্র কারণ। 

প্রিমিয়ার লিগে শনিবারের ওই ম্যাচে শুরুর একাদশে ছিলেন র‍্যাশফোর্ড। গোল না পেলেও একটি অ্যাসিস্ট  করেন তিনি। দ্বিতীয়ার্ধের শেষের দিকে কুঁচকিতে অস্বস্তি নিয়ে মাঠ ছাড়েন ২৫ বছর বয়সী এই ফুটবলার। স্কট ম্যাকটমিনে ও অঁতনি মার্শিয়ালের গোলে ম্যাচটি ইউনাইটেড জেতে ২-০ ব্যবধানে। 

ম্যাচের পর টেন হাগ বলেন, র‍্যাশফোর্ডের চোটের ধরন ‘ভালো মনে হচ্ছে না।’ অল্প সময়ের মধ্যে টানা ম্যাচ খেলার বিষয়টি কোনোভাবেই মানতে পারছেন না সাবেক আয়াক্স কোচ।

৫৩ বছর বয়সী টেন হাগ মনে করেন, খেলোয়াড়দের পর্যাপ্ত বিশ্রামের ব্যাপারটি এড়িয়ে যাওয়া হচ্ছে, যা ঠিক নয়। 

“কিছু বিষয় এড়িয়ে যাওয়া যায় না, তবে এটি এড়ানো যেত। কেন প্রিমিয়ার লিগে আমাদের রোববার রাতে পরের দিকে এবং শনিবার দিনের শুরুতে ম্যাচ দেওয়া হচ্ছে? আমার মনে হয় এটা ঠিক নয়।” 

“এই কারণে ঝুঁকির মাত্রা বেড়ে যায়। খেলোয়াড়রা এত দ্রুত রিকভার করতে পারে না এবং সবরকম গবেষণা থেকে আমরা জানি যে, খেলোয়াড়দের শক্তি পুনরুদ্ধারের জন্য একটি নির্দিষ্ট সময়ের প্রয়োজন হয়।” 

চলতি মৌসুমে ইউনাইটেডের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৭ ম্যাচে ২৮ গোল করেছেন র‍্যাশফোর্ড। টেন হাগের আশা, ইংলিশ ফরোয়ার্ডে চোট যেন গুরুতর না হয়। 

নিউক্যাসল ইউনাইটেডের সমান ২৯ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে চার নম্বরে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। তাদের পরবর্তী ম্যাচ আগামী শুক্রবার সেভিয়ার বিপক্ষে, ইউরোপা লিগের শেষ আটের প্রথম লেগে।