২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘হলান্ড ও আলভারেস অসাধারণ অস্ত্র’

হলান্ডের মানসিকতা আর আলভারেসের নিবেদনের প্রশংসায় পঞ্চমুখ ম্যানচেস্টার সিটি কোচ পেপ গুয়ার্দিওলা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 May 2023, 03:52 PM

Updated : 01 May 2023, 05:09 PM

মাঠে নামলেই গোল করা আর্লিং হলান্ডের জন্য নিয়মিত ঘটনা। ফুলহ্যামকে হারিয়ে প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটির শীর্ষে ওঠার ম্যাচে যথারীতি জালের দেখা পেয়েছেন এই তরুণ ফরোয়ার্ড। ব্যবধান গড়ে দেওয়া গোলটি অবশ্য হুলিয়ান আলভারেসের করা। এই দুজনের পারফরম্যান্সে মুগ্ধ সিটি কোচ পেপ গুয়ার্দিওলা। তার চোখে ‘অসাধারণ অস্ত্র’ হলান্ড ও আলভারেস।

ফুলহ‍্যামের মাঠে রোববার ২-১ গোলে জেতে সিটি। এই জয়ে ৩২ ম‍্যাচে ৭৬ পয়েন্ট নিয়ে এখন শীর্ষে তারা। এক ম‍্যাচ বেশি খেলা আর্সেনাল ৭৫ পয়েন্ট নিয়ে নেমে গেছে দুই নম্বরে।

স্পট কিক থেকে গোল করে তৃতীয় মিনিটেই সিটিকে এগিয়ে নেন হলান্ড। এই গোলেও জড়িয়ে আলভারেসের নাম। নব্বই সেকেন্ডের মাথায় আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফরোয়ার্ডকে স্বাগতিক ডিফেন্ডার টিম রিম ফাউল করায় পেনাল্টি পেয়েছিল সিটি।

চলতি আসরে এটি হলান্ডের ৩৪তম গোল। প্রিমিয়ার লিগের ইতিহাসে এক মৌসুমে যা যৌথভাবে সর্বোচ্চ। অ‍্যান্ড্রু কোল ও অ‍্যালান শিয়েরার ৩৪ গোল করেছিলেন ৪২ ম‍্যাচের আসরে।

ঘুরে দাঁড়াতে অবশ্য দেরি করেনি ফুলহ্যাম। পঞ্চদশ মিনিটে কার্লোস ভিনিসিউসের গোলে সমতা ফেরায় দলটি। কিছুক্ষণ পর আবারও সিটিকে লিড এনে দেন আলভারসে।

৩৬তম মিনিটে রিয়াদ মাহরেজের কাছ থেকে বল পেয়ে চ‍্যালেঞ্জের মুখে দারুণভাবে বল ধরে রাখেন তিনি। একটু সময় নিয়ে ডি-বক্সের বাইরে থেকে বুলেট গতির শটে খুঁজে নেন জাল। ঝাঁপিয়েও নাগালে পাননি ফুলহ্যাম গোলরক্ষক বেনর্ড লেনো।

ম্যাচ শেষে হলান্ড ও আলভারেসের উচ্ছ্বসিত প্রশংসা করেন গুয়ার্দিওলা।

“সে (হলান্ড) দৃঢ় মানসিকতায় পেনাল্টি নিয়েছিল, যা দেখে আমি সত্যিই মুগ্ধ হয়েছিলাম। আরেকটি গোল করে হুলিয়ান আমাদের সাহায্য করে। হুলিয়ান সবসময়ই আমাদের সহায়তা করে, সে অসাধারণ। যখনই সে খেলে, সবকিছু উজাড় করে দেয়।”

“দারুণ মানসম্পন্ন গোল ও অ্যাসিস্ট ছিল…বক্সে যখন আমাদের খেলোয়াড় প্রয়োজন পড়ে, (তা মেটাতে) আমাদের দুইজন স্ট্রাইকার আছে। এই দুইজন অবিশ্বাস্য অস্ত্র।”