২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিছিয়ে পড়ার পরও জয়ের বিশ্বাস ছিল বেনজেমার

জয়ের খুশি থাকলেও নিজেদের পারফরম্যান্সে সন্তুষ্ট নন ফরাসি ফরোয়ার্ড।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2023, 04:03 PM

Updated : 27 Jan 2023, 04:03 PM

আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে শুরুর দিকে গোল হজম করে এবং প্রথমার্ধের বাজে পারফরম্যান্সে অনেকটা সময় পর্যন্ত পিছিয়ে ছিল রিয়াল মাদ্রিদ। তবে করিম বেনজেমা বললেন, ঘুরে দাঁড়ানোর আত্মবিশ্বাস তাদের সবসময়ই ছিল। 

শেষ পর্যন্ত হয়েছেও তাই, অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচে দুই গোলের ব্যবধানে জিতে কোপা দেল রের সেমি-ফাইনালে ওঠে তারা।

সান্তিয়াগো বের্নাবেউয়ে বৃহস্পতিবার রাতে কোয়ার্টার-ফাইনাল ম্যাচে আলভারো মোরাতার গোলে পিছিয়ে পড়ে স্বাগতিকরা। দ্বিতীয়ার্ধে রদ্রিগো সমতা টানার পর অতিরিক্ত সময়ে বেনজেমা ও ভিনিসিউস জুনিয়রের গোলে ৩-১ ব্যবধানে জিতেছে রিয়াল। 

প্রথম গোলের আগে অনেক সুযোগ নষ্ট করে নিজেদের কাজ কঠিন করে তোলে ভিনিসিউস-বেনজেমারা। এরপর রদ্রিগো বদলি নামার ১০ মিনিট পরই দারুণ নৈপুণ্যে দলকে পথে ফেরান।

আরেকটি দুর্দান্ত প্রত্যাবর্তনে আনন্দ মনে থাকলেও জয়ের ধরন নিয়ে খুশি হতে পারছেন না বেনজেমা। ২০২২ সালের ব্যালন দ’র জয়ী এই ফুটবলার বললেন, আগে গোল করে নিজেদের কাজটা সহজ করা উচিত ছিল তাদের।

“এটি খুব কঠিন ও জটিল একটি ম্যাচ ছিল। কিন্তু আমাদের দলে যে খেলোয়াড় ও প্রতিভা আছে, তাতে আমরা জানতাম যে আমরা ফিরে আসতে পারি।”

“সম্ভবত আমাদের তাড়াতাড়ি গোল করতে হবে, কারণ আমরা ভুগতে চাই না। আতলেতিকো (মাদ্রিদ) …এগিয়ে যাওয়ার পর রক্ষণাত্মক হয়ে পড়ে এবং এটি আমাদের ভুগিয়েছে। সমতা টানা রদ্রিগোর গোলটি ছিল দুর্দান্ত।”

আগামী ৩০ জানুয়ারি কোপা দেল রের সেমি-ফাইনালের ড্রয় হবে, সেখানে নির্ধারিত হবে যে ফাইনালে ওঠার লড়াইয়ে কে কার মুখোমুখি হবে।

শেষ চারের অন্য তিন দল হলো- বার্সেলোনা, আথলেতিক বিলবাও ও ওসাসুনা।