প্রিমিয়ার হ্যান্ডবল লিগে সেরা নারিন্দা বয়েজ
দারুণ জমে ওঠা ফাইনালে প্রাইম স্পোর্টিং ক্লাবকে হারিয়েছে তারা।
দারুণ লড়াই করলেও প্রথমার্ধে ছয় গোলে পিছিয়ে থাকার ঘাটতি পরে আর পূরণ করতে পারল না প্রাইম স্পোর্টিং ক্লাব। তাদের হারিয়ে প্রিমিয়ার ডিভিশন হ্যান্ডবল লিগের মুকুট ফিরে পেয়েছে নারিন্দা প্রগতি বয়েজ ক্লাব।
পল্টনের শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে সোমবার ফাইনালে প্রাইমকে ৪৪-৩৮ গোলে হারায় নারিন্দা বয়েজ। প্রথমার্ধে চ্যাম্পিয়নরা এগিয়ে ছিল ২৫-১৯ গোলে।
একই দিনে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে জুরাইন জনতা ক্লাবকে ৩৮-২৩ গোলে হারায় বাংলা ক্লাব।
প্রতিযোগিতায় সেরা খেলোয়াড় হয়েছেন চ্যাম্পিয়ন নারিন্দা দলের রবিউল।
১৯৯১ সাল থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতায় এ নিয়ে তৃতীয়বারের মতো সেরা হলো নারিন্দা বয়েজ। ২০০৮ সালে প্রথম এবং ২০১৪ সালে দ্বিতীয়বার এ ট্রফি জিতেছিল তারা।
