২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিএসজি ম্যাচ দিয়ে সৌদির ফুটবলে অভিষেক হবে রোনালদোর

আল নাস্‌র ও আল হিলালের সম্মিলিত দলের হয়ে খেলবেন পর্তুগিজ মহাতারকা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2023, 03:33 PM

Updated : 09 Jan 2023, 03:50 PM

আল নাস্‌রের জার্সিতে মাঠে নামার আগেই সৌদি আরবের ফুটবলে অভিষেক হবে ক্রিস্তিয়ানো রোনালদোর। আল নাস্‌র ও আল হিলালের সম্মিলিত দলের হয়ে পিএসজির বিপক্ষে প্রীতি ম্যাচে পর্তুগিজ মহাতারকা খেলবেন বলে জানিয়েছেন তার ক্লাব কোচ রুদি গার্সিয়া। 

ম্যানচেস্টার ইউনাইটেডে থাকাকালীন গত বছরের এপ্রিলে প্রিমিয়ার লিগে এভারটনের মাঠে হারের ম্যাচের পর এক দর্শকের ফোন ভাঙার ঘটনায় রোনালদোকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করে ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন। ফলে আল নাস্‌রের হয়ে দুটি ঘরোয়া ম্যাচে তিনি খেলতে পারবেন না। 

৩৭ বছর বয়সী ফরোয়ার্ড গত শুক্রবার লিগে আল তাইয়ের বিপক্ষে আল নাস্‌রের ২-০ গোলে জয়ের ম্যাচে খেলতে পারেননি। দলের পরের ম্যাচে আল শাবাবের বিপক্ষেও বাইরে থাকতে হবে তাকে। 

আগামী ২২ জানুয়ারি লিগে ইত্তিফাকের বিপক্ষে ম্যাচ দিয়ে নতুন দলের জার্সিতে অভিষেক হবে তার। এর আগে ১৯ জানুয়ারি আল হিলাল ও আল নাস্‌র সম্মিলিত দল খেলবে পিএসজির বিপক্ষে। 

ওই ম্যাচে রোনালদো খেলবেন বলে সোমবার ফরাসি সংবাদমাধ্যম লেকিপকে জানান  গার্সিয়া। 

"এটি (সৌদির ফুটবলে রোনালদোর অভিষেক) আল নাস্‌রের জার্সিতে হবে না। এটি হবে আল হিলাল ও আল নাস্‌রের সম্মিলিত দলের হয়ে।” 

তবে ম্যাচটির সূচি নিয়ে সন্তুষ্ট নন আল নাস্‌র কোচ।

"আল নাস্‌রের কোচ হিসেবে এই ম্যাচ নিয়ে আমি খুশি হতে পারি না। উন্নয়নের জন্য, পিএসজির দুর্দান্ত খেলোয়াড়দের দেখার জন্য এটি সত্যিই ভালো ব্যাপার। তবে তিন দিন পরই আমাদের চ্যাম্পিয়নশিপের ম্যাচ আছে।” 

“সূচির ক্ষেত্রে এটি আরও ভালোভাবে ভাবা যেত। তবে এটি বড় বিষয় নয়...আমরা লিগে শীর্ষে আছি, আমরা খুশি। চ্যাম্পিয়নশিপ জেতা কঠিন, তবে আমরা তা করতে চাই।” 

ইউনাইটেডের সঙ্গে সম্পর্ক ছিন্ন হওয়ার পর মাস দেড়েক দলবিহীন থাকা রোনালদো নতুন ঠিকানা বেছে নেন গত বছরের শেষ দিন। আড়াই বছরের চুক্তিতে যোগ দেন আল নাস্‌রে। সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, চুক্তির অঙ্কটা ২০ কোটি ইউরোর বেশি। 

ইউরোপীয় ফুটবলের পাঠ চুকিয়ে রোনালদোর সৌদি আরবে পাড়ি জমানোকে কিংবদন্তি পেলের নিউ ইয়র্ক কসমসে যোগ দেওয়ার সঙ্গে তুলনা করেছেন গার্সিয়া। সাবেক রিয়াল মাদ্রিদ তারকা আল নাস্‌রে যোগ দেওয়ার পর থেকে স্বল্প পরিচিত ক্লাবটির ইনস্টাগ্রামে অনুসারির সংখ্যা বেড়ে হয়েছে ১ কোটিরও বেশি।

পিএসজির বিপক্ষে আল হিলাল ও আল নাস্‌রের সম্মিলিত দলের প্রীতি ম্যাচ দিয়ে মুখোমুখি লড়াইয়ে দেখা হতে পারে লিওনেল মেসি ও রোনালদোর।

পুরনো খবর:

মেসি-নেইমারদের বিপক্ষে সৌদি দলের কোচ গায়ার্দো