২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লেভানদোভস্কির গোল নিয়ে বিতর্ক, রেফারিংয়ে পক্ষপাতিত্বের অভিযোগ ওসাসুনার

তবে বার্সেলোনা কোচের দাবি, ভিডিও রিপ্লে দেখলেই গোলটি নিয়ে সব সংশয় দূর হয়ে যাবে।

লেভানদোভস্কির গোল নিয়ে বিতর্ক, রেফারিংয়ে পক্ষপাতিত্বের অভিযোগ ওসাসুনার

ওসাসুনা কোচ হাগোবা আরাসাতে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2024, 04:00 PM

Updated : 12 Jan 2024, 09:26 PM

স্প্যানিশ সুপার কাপের ফাইনালে ওঠার লড়াইয়ে বার্সেলোনাকে অনেকটা সময় আটকে রাখতে পারলেও দ্বিতীয়ার্ধে গোল খেয়ে বসে ওসাসুনা। তবে, রবের্ত লেভানদোভস্কির ওই গোল ঘিরেই শুরু হয়েছে বিতর্ক। পরাজিত দলটির দাবি, বিতর্কিত রেফারিংয়ের শিকার তারা।

বার্সেলোনা কোচ শাভি এর্নান্দেসের কাছে বিষয়টি অবশ্য তেমন কিছু নয়। শুরুতে তার মনে কিছুটা সংশয় থাকলেও ভিডিও রিপ্লে দেখার পর তা দূর হয়ে গেছে।

সৌদি আরবের রিয়াদের কিং সাউদ ইউনিভার্সিটি স্টেডিয়ামে বৃহস্পতিবার রাতে দ্বিতীয় সেমি-ফাইনালে ২-০ গোলে জিতেছে বার্সেলোনা।

ম্যাচের শুরু থেকে বল দখলের পাশাপাশি আক্রমণে আধিপত্য করলেও ফিনিশিংয়ে দুর্বলতা কাটিয়ে উঠতে পারছিল না বার্সেলোনা। লেভানদোভস্কি একাই কয়েকটি সুযোগ নষ্ট করেন। তার দারুণ কয়েকটি প্রচেষ্টা রুখে দেন আত্মবিশ্বাসী ওসাসুনা গোলরক্ষক সের্হিও এররেরা।

অবশেষে ৫৯তম মিনিটে ইলকাই গিনদোয়ানের থ্রু বল ধরে বক্সে ঢুকে প্রতিপক্ষের তিন খেলোয়াড়ের মাঝ থেকে ডান পায়ের শটে বার্সেলোনাকে এগিয়ে নেন লেভানদোভস্কি।

ওসাসুনার খেলোয়াড়দের বেশ ক্ষুব্ধ দেখা যায়, রেফারির কাছে গিয়ে তারা গোলটি বাতিলের জন্য অভিযোগ করেন। ওসাসুনার দাবি, ওই আক্রমণের শুরুতে তাদের ফরোয়ার্ড হোসে আরনাইসকে ফাউল করেছিলেন বার্সেলোনার ডিফেন্ডার আন্দ্রেয়াস ক্রিস্তেনসেন। কিন্তু ভিএআরের সাহায্যে গোলের বাঁশি বাজান রেফারি।

রেফারির সিদ্ধান্তটি কিছুতেই মানতে পারছেন না ওসাসুনা কোচ হাগোবা আরাসাতে। ম্যাচের পর মুভিস্টার প্লাসকে জানানো প্রতিক্রিয়ায় ক্ষোভ প্রকশ করেন তিনি।

“আমাদের মনে হচ্ছে, আমরা অন্যায়ের শিকার হয়েছি। পুরো ম্যাচেই (দুই দলের ক্ষেত্রে) রেফারিংয়ের ধরন ছিল ভিন্ন। (গোলের আগে) ফাউলটা ছিল পরিষ্কার।”

খেলা চলার সময় প্রথম দর্শনে শাভির কাছেও তাই মনে হয়েছিল। তবে রিপ্লে দেখার পর আসল ঘটনা বুঝতে পেরেছেন বলে দাবি করলেন তিনি।

“সত্যি বলতে, লাইভ দেখে সেটা ফাউল মনে হচ্ছিল। কিন্তু রিপ্লে দেখলে বোঝা যায়, আসলে তেমন কিছুই হয়নি…।”

“কখনও রেফারির সিদ্ধান্ত আমাদের পক্ষে আসে, কখনও বিপক্ষে কাজ করে…যাই হোক, আমার মনে হয় না, আজকের ম্যাচের ফলে তার সিদ্ধান্ত ব্যবধান গড়ে দিয়েছে।”

যোগ করা সময়ের তৃতীয় মিনিটে জয় নিশ্চিত করেন লামিনে ইয়ামাল। ফেলিক্সের পাস বক্সে পেয়ে বাঁ পায়ের শটে গোলটি করেন বদলি নামা তরুণ স্প্যানিশ ফরোয়ার্ড।

ফাইনালে আগামী রোববার চিরপ্রতিদ্বন্দ্বী রেয়াল মাদ্রিদের মুখোমুখি হবে কাতালান দলটি। গত বুধবার প্রথম সেমি-ফাইনালে আতলেতিকো মাদ্রিদকে ৫-৩ গোলে হারিয়ে শিরোপা লড়াইয়ে পা রাখে কার্লো আনচেলত্তির দল।