তুরস্কে এবার ৪৪৮ জন ক্লাব কর্মকর্তা সাময়িক নিষিদ্ধ
গত বছর তুর্কি ফুটবলে বড় ধরনের কেলেঙ্কারির ঘটনার পর থেকে সেখানে নজরদারি জোরদার হয়েছে।
বাজি ধরা সংক্রান্ত একটি বড় ধরনের তদন্তের অংশ হিসেবে ৪৪৮ জন বর্তমান ও সাবেক ক্লাব কর্মকর্তাকে সাময়িক নিষিদ্ধ করেছে তুরস্কের ফুটবল ফেডারেশন। এই তালিকায় আছেন ত্রাবজনস্পনের প্রেসিডেন্ট এর্তুরুল দোয়ান ও বেসিকতাসের ভাইস-প্রেসিডেন্ট হাকান দাল্তাবান।
তুর্কি ফুটবল ফেডারেশন (টিএফএফ) এক বিবৃতিতে জানিয়েছে, নিষিদ্ধ হওয়া কর্মকর্তারা দেশের শীর্ষ দুই বিভাগের ক্লাবে দায়িত্ব পালনকালে গত পাঁচ বছরের মধ্যে বাজি ধরেছিলেন বলে প্রমাণ পাওয়া গেছে।
এই ৪৪৮ জন কর্মকর্তার বিষয়টি ফেডারেশনের শৃঙ্খলা কমিটির কাছে পাঠানো হয়েছে।
গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বুধবার টিএফএফ-এর প্রকাশিত তালিকায় তুরস্কের শীর্ষ লিগ ‘সুপার লিগ’-এর ক্লাবে দায়িত্ব পালন করা প্রায় ১৭১ জন কর্মকর্তা অন্তর্ভুক্ত আছেন।
গত বছর তুর্কি ফুটবলে বড় ধরনের কেলেঙ্কারির ঘটনার পর থেকে টিএফএফ বাজি ধরার বিষয়ে নজরদারি জোরদার করেছে। তদন্তের অংশ হিসেবে ফেডারেশন বিভিন্ন মেয়াদে প্রায় ১৪৯ জন রেফারি ও এক হাজার ২৪ জন খেলোয়াড়কে সাময়িক নিষিদ্ধ করেছিল।
এরপর দেশটির পেশাদার লিগগুলোতে অবৈধ বাজি ধরা ও ম্যাচ-ফিক্সিংয়ের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের অংশ হিসেবে শীর্ষ পর্যায়ের বেশ কয়েকজন খেলোয়াড় ও উচ্চপদস্থ ক্লাব কর্মকর্তাকে কারাদণ্ড দেওয়া হয়।
আলাদা আরেকটি তদন্তের অংশ হিসেবে, রেফারিং প্রক্রিয়ায় হস্তক্ষেপের অভিযোগে মঙ্গলবার তুরস্কের কেন্দ্রীয় রেফারি বোর্ডের প্রধান এবং ছয় সদস্যকে আটক করা হয়।
