২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেসিকে নতুন চুক্তির প্রস্তাব দেবে না পিএসজি, খবর লেকিপের

ক্লাবের অনুমতি না নিয়ে সৌদি আরব সফরে যাওয়ার পর পিএসজি এই সিদ্ধান্ত নিয়েছে বলে খবর প্রকাশ করেছে ফরাসি ক্রীড়া দৈনিক লেকিপ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2023, 10:16 AM

Updated : 03 May 2023, 02:30 PM

নিষেধাজ্ঞাই শেষ নয়, লিওনেল মেসির সৌদি আরব সফরের জের পড়তে পারে পিএসজিতে তার ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়েও। ফরাসি ক্রীড়া দৈনিক লেকিপ মঙ্গলবার জানায়, ক্লাবের অনুমতি না নিয়ে সৌদি আরব সফরে যাওয়ার পর আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ককে আর নতুন চুক্তির প্রস্তাব দেবে না পিএসজি।

আগামী মৌসুমে মেসি আদৌ পিএসজিতে থাকবেন কি না, এটা নিয়ে এমনিতেই নানা গুঞ্জন চলছিল বেশ কিছুদিন ধরে। তার বার্সেলোনায় ফেরা নিয়েও অনেক কথা বাতাসে ভাসছে। গত মার্চে বার্সেলোনার সহ-সভাপতি রাফায়েল ইয়ুস্তে জানান, মেসির সঙ্গে যোগাযোগ চলছে তাদের। এবার লেকিপের খবরের পর এখন সেই আলোচনার ঝড় আরও তীব্র হবে বলেই ধারণা করা যায়।

২০২১ সালে বার্সেলোনা থেকে দুই বছরের চুক্তিতে পিএসজিতে এসেছিলেন মেসি। তবে তার চুক্তিতে তৃতীয় বছর থাকা নিয়েও একটি ‘ঐচ্ছিক’ ধারা ছিল। লেকিপের খবর, চুক্তির এই ধারা কাজে লাগানো হবে না বলেই সিদ্ধান্ত নিয়েছে পিএসজি।

ক্লাবের অনুমতি না নিয়ে সৌদি আরব সফরে যাওয়ায় এর মধ্যেই মেসিকে দুই সপ্তাহের জন্য নিষিদ্ধ করেছে পিএসজি। এই সময়ে ম্যাচ খেলা বা অনুশীলন করতে পারবেন না এই মহাতারকা। তার দুই সপ্তাহের বেতনও কাটা যাবে।

লিগ ওয়ানের ম্যাচে রোববার লরিয়ঁর বিপক্ষ ৩-১ গোলে হারার পর দলের সঙ্গে অনুশীলনে যোগ দেওয়ার কথা ছিল মেসির। কিন্তু পরিবারসহ সৌদি আরবে দেখা যায় তাকে। মধ্যপ্রাচ্যের দেশটির পর্যটনের শুভেচ্ছাদূত তিনি। তবে ক্লাবের অনুমতি না নিয়েই এই সফরে যাওয়ায় তাকে শাস্তি দেওয়া হয়েছে বলে জানায় বিভিন্ন সংবাদমাধ্যম।

নিষেধাজ্ঞার কারণে লিগ ওয়ানের দুটি ম্যাচ খেলতে পারবেন না মেসি। চ্যাম্পিয়ন্স লিগ থেকে পিএসজি ছিটকে গেছে বেশ আগেই।

৩৩ ম্যাচে ৭৫ পয়েন্ট নিয়ে লিগ ওয়ানে পয়েন্ট তালিকার শীর্ষে আছে পিএসজি।