বিশ্বকাপের পর খেলোয়াড়দের ফিটনেস ও পারফরম্যান্স নিয়ে সংশয়ে আনচেলত্তি
বৈশ্বিক আসরের পর মৌসুমের গুরুত্বপূর্ণ অংশে খেলোয়াড়দের শারীরিক ও মানসিক অবস্থা কেমন থাকবে, তা নিয়ে ভাবনায় রিয়াল মাদ্রিদ কোচ।
টমাস টুখেল ও ইয়ুর্গেন ক্লপের সঙ্গে সুর মেলালেন কার্লো আনচেলত্তিও। ইউরোপিয়ান ক্লাব মৌসুমের মাঝামাঝি সময়ে হতে যাওয়া কাতার বিশ্বকাপ ফুটবলারদের ফিটনেস ও পারফরম্যান্সের ওপর বিরূপ প্রভাব ফেলবে বলে মনে করেন রিয়াল মাদ্রিদ কোচ। বিশেষ করে, বৈশ্বিক আসরের পর ক্লাবে ফিরে মৌসুমের গুরুত্বপূর্ণ অংশে খেলোয়াড়দের শারীরিক ও মানসিক অবস্থা কেমন থাকবে, তা নিয়ে ভাবনায় তিনি।
ফুটবল বিশ্বকাপ হয়ে থাকে সাধারণত জুন-জুলাইয়ে। তবে ব্যতিক্রম হচ্ছে কাতার বিশ্বকাপের ক্ষেত্রে। ওই সময়ে মরুর দেশটিতে প্রচণ্ড গরমের কথা মাথায় রেখে নভেম্বর-ডিসেম্বরে বিশ্বকাপ আয়োজনের সিদ্ধান্ত নেয় ফিফা।
একদিন এগিয়ে আনায় বিশ্বকাপ শুরু হবে আগামী ২০ নভেম্বর, যা চলবে ১৮ ডিসেম্বর পর্যন্ত। শুক্রবার শুরু হওয়া লা লিগায় বিশ্বকাপের জন্য বিরতির আগে খেলা হবে ১৪ রাউন্ড। বিশ্বকাপ ফাইনালের ১১ দিন পরই আবার শুরু হবে লিগ। ৪ জুন লিগ মৌসুম শেষ হওয়ার আগ পর্যন্ত খেলতে হবে বাকি ২৪ রাউন্ড।
কদিন আগে চেলসি কোচ টুখেল বলেছিলেন, ক্লাব মৌসুমের মাঝামাঝি বিশ্বকাপের কোনো যৌক্তিকতাই খুঁজে পান না তিনি। আর লিভারপুল কোচ ক্লপ তো বিশ্বকাপের কথা শুনলেই ‘ক্ষেপে যান’। তার মতে, ভুল কারণে ভুল সময়ে হচ্ছে এবারের বিশ্বকাপ।
লা লিগায় নিজেদের প্রথম ম্যাচে আলমেরিয়ার মুখোমুখি হওয়ার আগের দিন শনিবার সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেন, বিশ্বকাপের পর খেলোয়াড়দের ক্লান্তির বিষয় মাথায় রাখতে হবে তাদের।
“আমি মনে করি বিশ্বকাপ পর্যন্ত আমাদের খুব বেশি সমস্যা হবে না। খেলোয়াড়রা ভালো অবস্থায় থেকে বিশ্বকাপে যেতে চায়। বড় সংশয় হচ্ছে বিশ্বকাপের পর খেলোয়াড়রা কী অবস্থায় ফিরে আসবে।”
“সাধারণত বিশ্বকাপের পর খেলোয়াড়রা ছুটিতে যায়। আর এবার (বিশ্বকাপের পর) খেলোয়াড়রা মৌসুমের গুরুত্বপূর্ণ অংশ শুরু করতে ফিরে আসবে। সেখানেই আমাদের তাদের ক্লান্তির বিষয়টি মূল্যায়ন করতে হবে এবং তাদের বিশ্রামের কথা ভাবতে হবে।”
গত মৌসুমে লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ ‘ডাবলের’ সঙ্গে স্প্যানিশ সুপার কাপ জিতেছিল রিয়াল। বেশিরভাগ সময় আনচেলত্তিকে নির্ভর করতে হয়েছিল একই গ্রুপের খেলোয়াড়দের ওপর। তবে এই মৌসুমে খেলোয়াড়দের আরও বেশি ঘুরিয়ে-ফিরিয়ে খেলানো হবে বলে জানালেন এই ইতালিয়ান কোচ।
“আমাদের খুব শক্তিশালী একটি স্কোয়াড আছে, সবাইকে উজ্জীবিত থাকতে হবে। আমাদেরও একটি বিশ্বকাপ আছে (ক্লাব বিশ্বকাপ)। আমাদের বড় একটি স্কোয়াড দরকার, যেখানে সবাই ভালো অবস্থায় থাকবে। তাই গত বছরের তুলনায় একটু বেশি ঘুরিয়ে-ফিরিয়ে খেলানোর চিন্তাভাবনা আছে।”
