মাঠে বিয়ের আংটি হারিয়ে দিশেহারা হয়ে পড়েছিলেন ক্লপ!
পরে অবশ্য একজন টিভি ক্যামেরাম্যানের সহায়তায় মূল্যবান আংটিটি খুঁজে পান লিভারপুল কোচ।
নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে লিভারপুলের জয়ের আনন্দ ক্ষণিকের জন্য হতাশায় পরিণত হয়েছিল ইয়ুর্গেন ক্লপের জন্য। জয় উদযাপনের সময় যে নিজের বিয়ের আংটি মাঠে হারিয়ে ফেলেছিলেন লিভারপুল কোচ! পরে অবশ্য একজন টিভি ক্যামেরাম্যানের সহায়তায় খুঁজে পেয়েছেন মূল্যবান সেই আংটি।
অ্যানফিল্ডে সোমবার প্রিমিয়ার লিগের ম্যাচটি ৪-২ গোলে জিতে নতুন বছর শুরু করে লিভারপুল। এই জয়ে শীর্ষস্থান মজবুত হয়েছে তাদের।
ম্যাচ শেষে খেলোয়াড়দের অভিনন্দন জানাতে মাঠে ঢোকেন ক্লপ। সেসময় হাততালি দিতে দিতে সমর্থকদের দিকে এগিয়ে যাচ্ছিলেন তিনি। হঠাৎ বুঝতে পারেন তার আঙুলে বিয়ের আংটিটি নেই!
তখন কাছাকাছি ঘাসের মধ্যে সেটি খোঁজা শুরু করেন তিনি। মাঠে দায়িত্বরত নিরাপত্তাকর্মীকে আংটি খুঁজে দিতে সাহায্যও চান। তখন লিভারপুল কোচকে আংটির অবস্থান সম্পর্কে জানান ব্রিটিশ ব্রডকাস্টার স্কাই স্পোর্টসের একজন ক্যামেরাম্যান। ফিরে পেয়ে আংটিতে চুমু দিতে থাকেন ক্লপ।
পরে জার্মান এই কোচ তুলে ধরলেন, আংটি হারিয়ে কেমন ছিল তার মনের অবস্থা। জানালেন, আগেও একবার হারিয়ে ফেলেছিলেন এই আংটি।
“(আংটি হারিয়ে) আমি বিশাল এক ধাক্কা খেয়েছিলাম। কিন্তু সেটি ফিরে পেয়েছি।”
“ওহ ঈশ্বর, খুবই খারাপ একটা ব্যাপার হতো (যদি সত্যিই হারিয়ে ফেলতাম)। আংটিটি আগেও একবার হারিয়েছিলাম। তখন তা খুঁজে পেতে একজন পেশাদার ডুবুরির প্রয়োজন পড়েছিল, কারণ এটা পড়েছিল সমুদ্রে। যখনই এক-দুই কেজি ওজন কমিয়ে ফেলি, তখন আংটিটি আর সঠিকভাবে ফিট হয় না।”
