সৌদি আরবে ‘অবশ্যই’ কোচিং করাবেন মরিনিয়ো
সৌদি আরবের দরজা সবসময় নিজের জন্য খোলা বলে মনে করেন এই পর্তুগিজ কোচ।
সৌদি আরবের ফুটবলে কাজ করার প্রস্তাব পেয়েছিলেন, কিন্তু সাড়া দেননি জোসে মরিনিয়ো। আগামীতে সেই সুযোগ দুয়ারে আবার কড়া নাড়লে? এবার পর্তুগিজ কোচ হ্যাঁ-সূচক ইঙ্গিত দিলেন। বললেন, একদিন সৌদি আরবে কোচিং করাবেনই।
মরিনিয়োর স্বদেশি ক্রিস্তিয়ানো রোনালদো সৌদি আরবের দল আল নাস্রেতে যোগ দেওয়ার পর তারকা ফুটবলারদের অনেকেই মরুভূমির দেশটিতে পাড়ি জমিয়েছেন। করিম বেনজেমা, নেইমারের মতো তারকাও এখন খেলছেন সৌদি আরবের ক্লাবগুলোতে।
মরিনিয়োর মনে হচ্ছে, একদিন তিনিও সৌদি আরবে পাড়ি জমাবেন। সৌদি এমবিসি গ্রুপের মালিকানাধীন এমবিসি ইজিপ্ট টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে পর্তুগিজ কোচ এমন ইঙ্গিতই দিয়েছেন।
“আমি রোমার দায়িত্বে থাকার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ এবং শেষ দিন পর্যন্ত আমি এই ক্লাবের জন্য সবটুকু নিংড়ে দিতে চাই।”
“কেউ ভবিষ্যৎ জানে না, কিন্তু নিশ্চিতভাবেই একদিন আমি সৌদি আরবে কাজ করব।”
সম্প্রতি সৌদি আরবের থেকে মোটা অঙ্কের প্রস্তাব পেয়েছিলেন মরিনিয়ো, কিন্তু ৬০ বছর বয়সী এই কোচ রোমাতেই থেকে যান। কনফারেন্স লিগ জয়ী এবং উয়েফা ইউরোপা লিগের ফাইনালে ওঠা রোমার হয়ে এ নিয়ে তৃতীয় মৌসুম দায়িত্ব পালন করছেন মরিনিয়ো।
গত জুলাইয়ে মাহদ একাডেমির পরিচালকদের সঙ্গে মিলিত হয়েছিলেন মরিনিয়ো; এই একাডেমি সৌদি আরবের মেধাবীদের খুঁজে আনার কাজ করে।
সেই সাক্ষাৎ অবশ্য বেশি দূর এগোয়নি। তবে শেষ পর্যন্ত রোমাতে থেকে গেলেও সৌদি আরবের দরজা নিজের জন্য সবসময় খোলা বলে মনে করেন মরিনিয়ো।
“সৌদি আরবের দরজা সবসময় আমার জন্য খোলা। আমি এখানকার উন্নয়ন অনুভব করতে চাই।”
“অনেক খেলোয়াড় কেবল তাদের ক্যারিয়ারের পড়ন্ত বেলায় নয়, ক্যারিয়ারে সেরা সময়েও সেখানে গিয়েছে। কেননা, সেখানকার প্রতিদ্বন্দ্বিতা দারুণ। কেবল ঘরোয়া লিগ নয়, এএফসি চ্যাম্পিয়ন্স লিগও আছে, যেগুলো বেশ ভালো মানের।”
