আরেকটি হারের পর টেন হাগ বললেন, ‘আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে’
ম্যানচেস্টার ইউনাইটেড কোচের বিশ্বাস, চোটে বাইরে থাকা খেলোয়াড়রা ফিরলে ভালো করবে দল।
চলতি মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেডের দুর্দশা কাটছে না কিছুতেই। এরই মধ্যে তারা বিদায় নিয়েছে লিগ কাপ ও চ্যাম্পিয়ন্স লিগ থেকে। প্রিমিয়ার লিগেও দলটি ধুঁকছে। সবশেষ হেরে গেছে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের কাছে। হতাশা ভুলে কঠিন সময়ে ক্লাবের সবার ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন বলে মনে করেন কোচ এরিক টেন হাগ।
লিগ ম্যাচে শনিবার ওয়েস্ট হ্যামের মাঠে ২-০ গোলে হারে ম্যানচেস্টার ইউনাইটেড। লিগে সবশেষ পাঁচ ম্যাচে তাদের তৃতীয় হার এটি, আসরে সব মিলিয়ে অষ্টম হার।
সব প্রতিযোগিতা মিলিয়ে টানা চার ম্যাচে জয়হীন ইউনাইটেড। যার তিনটিতেই তারা পেয়েছে পরাজয়ের তেতো স্বাদ। এই চার ম্যাচে কোনো গোলও করতে পারেনি তারা।
দলের এমন বাজে পারফরম্যান্সে স্বাভাবিকভাবে চাপ বাড়ছে টেন হাগের ওপর। তবে ওয়েস্ট হ্যাম ম্যাচের পর এই ডাচ কোচ মনে করিয়ে দিলেন তাদের সাফল্যের কথাও।
“২০২৩ সালে আমরা লিগ কাপ জিতেছি, এফএ কাপের ফাইনাল খেলেছি, লিগে আমরা তৃতীয় ছিলাম। ভালো অনেক কিছু ছিল...কিন্তু এই মুহূর্তে আমাদের পারফরম্যান্স ভালো নয়। এর কারণ আছে, আমাদের অনেক খেলোয়াড় ইনজুরিতে আছে, তারা ফিরলে দল ভালো করবে। আমাদের শান্ত থাকতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে, পরিকল্পনায় লেগে থাকতে হবে।”
ভিন্ন ভিন্ন চোটে কাসেমিরো, হ্যারি ম্যাগুইয়ার, লিসান্দ্রো মার্তিনেস, ক্রিস্তিয়ান এরিকসেনসহ ইউনাইটেডের আরও বেশ কয়েক জন খেলোয়াড় এই মুহূর্তে মাঠের বাইরে আছেন।
এবার লিগ কাপের শিরোপা ধরে রাখার অভিযানে চতুর্থ রাউন্ড থেকেই বিদায় নেয় ইউনাইটেড। ইউরোপ সেরার মঞ্চে তাদের পথচলা থমকে যায় গ্রুপ পর্বে।
ব্যর্থতার জাল ছিঁড়ে বেরিয়ে আসার জন্য যা দরকার, ওয়েস্ট হ্যামের বিপক্ষে তার কিছুই করতে পারেনি টেন হাগের দল। ৫৩ বছর বয়সী এই কোচ অবশ্য দাবি করলেন, চেষ্টার কোনো কমতি ছিল না তাদের।
“আমরা চেষ্টা করেছি। ম্যাচে ওয়েস্ট হ্যাম দীর্ঘ সময় ধরে আমাদের পেছনে দৌড়াতে পারেনি এবং তারপর তারা গোল পেয়েছে এবং উজ্জীবিত হয়েছে। এরপর থেকে বক্সে তারা খুব আক্রমণাত্মক ছিল, সেখান থেকে সুযোগ তৈরি করা কঠিন ছিল।”
সবশেষ এই হারের পর লিগ টেবিলে আট নম্বরে নেমে গেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ১৮ ম্যাচে ৯ জয় ও ১ ড্রয়ে তাদের ২৮ পয়েন্ট ।
