২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খেলোয়াড়দের চক্র পূরণের চ‍্যালেঞ্জ দিলেন গুয়ার্দিওলা

ম‍্যানচেস্টার সিটির হয়ে কেবল একটি শিরোপাই জেতা বাকি স্প‍্যানিশ এই কোচের।

খেলোয়াড়দের চক্র পূরণের চ‍্যালেঞ্জ দিলেন গুয়ার্দিওলা

পেপ গুয়ার্দিওলা 

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2023, 07:02 PM

Updated : 19 Dec 2023, 07:17 PM

একে একে প্রায় সব জেতা হয়ে গেছে। চক্র পূরণ করতে ম‍্যানচেস্টার সিটির হয়ে কেবল একটি শিরোপা অধরা পেপ গুয়ার্দিওলার। ফুটবলারদের প্রথম চেষ্টাতেই সেই ট্রফি এনে দেওয়ার চ‍্যালেঞ্জ দিলেন স্প‍্যানিশ এই কোচ। এদেরসন, রদ্রিদের কাছে চাইলেন ক্লাব বিশ্বকাপের শিরোপা।

২০১৬ সালে কোচ হয়ে আসার পর সিটিকে চ‍্যাম্পিয়ন্স লিগ, প্রিমিয়ার লিগ, এফএ কাপ, উয়েফা সুপার কাপ, ইংলিশ কাপ ও কমিউনিটি শিল্ডের শিরোপা এনে দিয়েছেন গুয়ার্দিওলা। এবার সপ্তম প্রতিযোগিতার ট্রফিতে নজর তার।

গত মৌসুমে ইউরোপ সেরা হওয়ায় এবার ক্লাব বিশ্বকাপে খেলছে সিটি। সৌদি আরবের কিং আবদুল্লাহ স্পোর্ট সিটি স্টেডিয়ামে মঙ্গলবার রাতে ফাইনালে যাওয়ার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ জাপানের দল উরাওয়া রেড ডায়মন্ডস।

ম্যাচের আগে সংবাদ সম্মেলনে গুয়ার্দিওলা বলেছেন, প্রথম সুযোগেই ক্লাব বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়াটাই তাদের মূল লক্ষ্য।

“আমরা এটা জিততে চাই। এই শিরোপা আমাদের নেই। সম্ভাব্য সব শিরোপা জিতে একটা ছোট চক্র পূরণ করার সুযোগ। হয়তো আমাদের আর কোনো সুযোগ আসবে না, কিংবা হয়তো আসতেও পারে। প্রিমিয়ার লিগে সবসময় তিন দিনের মধ্যে আরেকটি ম্যাচ থাকে। (সেই তুলনায়) এখানে খেলাটা কঠিন। খেলোয়াড়রা তা জানে এবং আমরা ভালো পারফর্ম করার চেষ্টা করব।”

বেশ কঠিন সময়েই ক্লাব বিশ্বকাপে খেলতে এসেছে সিটি। সব প্রতিযোগিতা মিলিয়ে নিজেদের সবশেষ ৮ ম্যাচের মাত্র তিনটিতে জিতেছে দলটি।