জেসুস সুযোগ কাজে লাগানোয় খুশি আর্তেতা
ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড নিয়মিত গোল পেলে দলটির লিগ শিরোপা জয়ের সম্ভাবনা আরও জোরাল হবে।
মৌসুমের খুব গুরুত্বপূর্ণ সময়ে চোট কাটিয়ে তারকা ফরোয়ার্ড গাব্রিয়েল জেসুস দলে ফেরায় দারুণ খুশি আর্সেনালের সবাই। দীর্ঘ পাঁচ মাসের মধ্যে প্রথমবার শুরুর একাদশে নেমেই তিনি জোড়া গোল করায় তাদের আনন্দের মাত্রা বেড়ে গেছে আরও। লিগ শিরোপা জয়ের প্রশ্নে আরও আত্মবিশ্বাসী হয়ে উঠেছে দলটি।
কাতার বিশ্বকাপে হাঁটুর চোট পেয়ে ছিটকে যাওয়ার পর থেকে মাঠের বাইরেই ছিলেন ব্রাজিলিয়ান এই স্ট্রাইকার। সেরে ওঠার দীর্ঘ ক্লান্তিকর প্রক্রিয়া শেষে সম্প্রতি স্কোয়াডে ফেরেন তিনি। গত নভেম্বরের পর শনিবার লিডস ইউনাইটেডের বিপক্ষে ম্যাচে ফেরেন শুরুর একাদশে।
ম্যাচের ছয় মিনিটের মাথায় সফল স্পট কিকে দলকে এগিয়ে নেন জেসুস; ছয় মাসের মধ্যে যা তার প্রথম গোল। পরে দ্বিতীয়ার্ধের শুরুতে করেন আরেকটি গোল। তার দ্বিতীয় গোলের আগে-পরে বেন হোয়াইট ও গ্রানিত জাকার লক্ষ্যভেদে ৪-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আর্সেনাল।
শনিবার দিনের প্রথম ম্যাচে লিভারপুলকে একই ব্যবধানে গুঁড়িয়ে লিগ টেবিলে আর্সেনালের সঙ্গে ব্যবধান কমায় ম্যানচেস্টার সিটি। তবে কয়েক ঘণ্টার মধ্যেই আগের মতো ৮ পয়েন্টের লিড পুনরুদ্ধার করে ২০০৪ সালের পর প্রথম লিগ শিরোপা জয়ের স্বপ্নে এগিয়ে চলা আর্সেনাল।
ম্যাচ শেষে জেসুসের ভুয়সী প্রশংসা করেন কোচ আর্তেতা। তার কণ্ঠে ছিল স্বস্তির ছোঁয়াও।
“ওর জন্য আমি উচ্ছ্বসিত। (জেসুস গোল পাওয়ায়) দলের সবাই খুশি। গত ৪-৫ মাসে সে খুব কঠোর পরিশ্রম করেছে, পুরো দল ও স্টাফ তার পাশে ছিল। আজ শুরুর একাদশে নামাটা তার প্রাপ্য ছিল।”
“আর সুযোগটা সে দারুণভাবে কাজে লাগাল এবং দুটি গোল করল।”
২৯ ম্যাচে ২৩ জয় ও ৩ ড্রয়ে আর্তেতার দলের পয়েন্ট ৭২। এক ম্যাচ কম খেলা ম্যানচেস্টার সিটি ৬৪ পয়েন্ট নিয়ে আছে দুইয়ে।
স্বপ্ন পূরণে সামনে এখনও অনেকটা পথ পাড়ি দিতে হবে। আসবে অনেক শক্ত বাধাও। এমন কঠিন সময়ে দলে খেলোয়াড়দের চোটও আঘাত হেনেছে। তাই জেসুসের ফর্মে ফেরা দলটির জন্য টনিক হিসেবে কাজ করবে।
