Published : 15 Jun 2026, 07:43 PM
বিশ্বকাপ অভিযান শুরুতেই শেষ হয়ে গেল সাবরি লামৌচির। সুইডেনের বিপক্ষে বড় হারের পর চাকরি হারালেন তিউনিসিয়া কোচ।
ম্যাচের কয়েক ঘণ্টা পর, লামৌচিকে ছাঁটাই করার খবর আসে বিভিন্ন গণমাধ্যমে। পরে তিউনিসিয়ান ফুটবল ফেডারেশন তাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বিষয়টি নিশ্চিত করে।
সুইডেনের বিপক্ষে ৫-১ ব্যবধানের বড় হারে বিশ্বকাপ অভিযান শুরু করে তিউনিসিয়া।
বিশ্বকাপ বাছাইপর্বে কোনো গোল হজম করেনি দলটি। কিন্তু সবশেষ দুই ম্যাচে তাদের জালে বল গেল ১০ বার! বিশ্বকাপ শুরুর আগে বেলজিয়ামের বিপক্ষে তারা হারে ৫-০ গোলে।
পাঁচ ম্যাচ ডাগআউটে ছিলেন লামৌচি। এর মধ্যে একটিতে জিতেছে তিউনিসিয়া, একটিতে ড্র করেছে, হেরেছে অন্য তিন ম্যাচে।
আগামী রোববার নিজেদের দ্বিতীয় ম্যাচে জাপানের বিপক্ষে খেলবে তিউনিসিয়া। এর আগে নতুন একজন কোচও প্রয়োজন হবে তাদের।