Published : 16 Jun 2026, 01:39 AM
আগামী অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি ৪ দশমিক ৬ শতাংশ হওয়ার পূর্বাভাস দিয়েছে বিশ্ব ব্যাংক।
একই পূর্বাভাসে শেষ হতে যাওয়া ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি আগের দেওয়া আভাসের চেয়ে আরও কমার আশঙ্কা প্রকাশ করেছে উন্নয়ন সহযোগী সংস্থাটি। ইরান যুদ্ধের প্রভাবকে এর বড় কারণ হিসেবে তুলে ধরা হয়েছে।
প্রস্তাবিত বাজেটে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী আগামী ২০২৬-২৭ অর্থবছরে অর্থনীতি পুনরুদ্ধারের যাত্রায় প্রবৃদ্ধির যে আকাঙ্খা প্রকাশ করেছেন সেটির চেয়ে বিশ্ব ব্যাংকের পূর্বাভাস ১.৯ শতাংশীয় পয়েন্ট কম। ছয় মাস আগের পূর্বাভাসের চেয়ে এবার তা আরও কমানো হয়েছে।
অর্থনীতিতে নানামুখী সংকটের মধ্যেও আগামী অর্থবছরের জন্য ৬.৫ শতাংশ প্রবৃদ্ধির আশা করছেন অর্থমন্ত্রী; যেখানে শেষ হতে যাওয়া অর্থবছরে সাময়িক হিসেবে বাংলাদেশের অর্থনীতি ৪ দশমিক ১৪ শতাংশ হারে বৃদ্ধির প্রাক্কলন করেছে বিবিএস।
সরকারের এমন হিসাবের বিপরীতে ওয়াশিংটনভিত্তি উন্নয়ন সহযোগী সংস্থাটি জুনের সর্বশেষ আভাসে বলছে, শেষ হতে যাওয়া অর্থবছরে বাংলাদেশের জিডিপির প্রবৃদ্ধি নেমে আসতে পারে ৩ দশমিক ৮ শতাংশে।
বিশ্ব ব্যাংকের ‘গ্লোবাল ইকোনমিক প্রসপেক্টাস’ জুন সংস্করণে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি নিয়ে এমন পূর্বাভাস দেওয়া হয়েছে। বৃহস্পতিবার প্রতিবেদনটি প্রকাশ করা হয়, যেদিন সংসদে বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আমির খসরু।
এর আগে গত ১৪ জানুয়ারি এ প্রতিবেদনের জানুয়ারি সংস্করণ প্রকাশ করে বিশ্ব ব্যাংক ২০২৫-২৬ অর্থবছরে ৪ দশমিক ৬ শতাংশ এবং ২০২৬-২৭ অর্থবছরে ৬ দশমিক ১ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছিল।
এর আগে ২০২৫ সালের অক্টোবর সংস্করণে শেষ হতে যাওয়া অর্থবছরে বাংলাদেশের ৪ দশমিক ৮ শতাংশ এবং আগামী অর্থবছরে ৬ দশমিক ৩ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছিল বিশ্ব ব্যাংক।
সংস্থাটি ২০২৫-২৭ অর্থবছরে ৩ দশমিক ৮ শতাংশ জিডিপি প্রবৃদ্ধির যে পূর্বাভাস দিয়েছে, তা বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সাময়িক হিসাবে অর্জিত অর্জিত প্রবৃদ্ধির চেয়ে দশমিক ৩৪ শতাংশীয় পয়েন্ট কম। গত ২০২৪-২৫ অর্থবছরের চূড়ান্ত হিসাবে এ হার ছিল ৩ দশমিক ৪৯ শতাংশ।
গত ২০২৪-২৫ অর্থবছরে ৬ দশমিক ৭৫ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্য ধরেছিল ক্ষমতাচ্যুত শেখ হাসিনার সরকার। পরিবর্তিত পরিস্থিতিতে এই লক্ষ্যমাত্রা কমিয়ে ৫ দশমিক ২৫ শতাংশে নামিয়ে আনে অন্তর্বর্তী সরকার।
২০২৫-২৬ অর্থবছরের বাজেটে ৫ দশমিক ৫ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যমাত্রা ধরেছিল অন্তর্বর্তী সরকার।
শুধু বাংলাদেশ নয়, ইরান যুদ্ধের ধাক্কা লেগেছে বিশ্ব অর্থনীতিতেও। বিশ্ব ব্যাংকের সবশেষ এ প্রতিবেদনে বলা হয়েছে, এ যুদ্ধের ধাক্কায় ২০২৬ সালে বৈশ্বিক প্রবৃদ্ধি ২.৫ শতাংশে নেমে আসবে, যা কোভিড-১৯ মহামারীর পর সবচেয়ে কম। ২০২৫ সালে ২ দশমিক ৯ শতাংশ প্রবৃদ্ধি হয়েছিল।
এ প্রতিবেদনের জানুয়ারি সংস্করণে বৈশ্বিক প্রবৃদ্ধি ২ দশমিক ৬ শতাংশ হবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছিল।
সবশেষ সংস্করণে ২০২৬ সালে দক্ষিণ এশিয়ায় ৬ দশমিক ৩ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস দেওয়া হয়েছে। ২০২৫ সালে দক্ষিণ এশিয়ায় ৭ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছিল।
আর ২০২৬ সালে ভারতে ৬ দশমিক ৬ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছে বিশ্ব ব্যাংক। ২০২৫ সালে প্রবৃদ্ধি হয়েছিল ৭ দশমিক ৭ শতাংশ।