১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

দুঃস্বপ্নের মৌসুমের জন্য সমর্থকদের কাছে ক্ষমা চাইবেন ইউনাইটেড কোচ

মৌসুমের শেষ ম্যাচের লড়াই শেষে ঘরের দর্শকদের সামনে নিজের হৃদয়ের কথা বলতে চান হুবেন আমুরি।

দুঃস্বপ্নের মৌসুমের জন্য সমর্থকদের কাছে ক্ষমা চাইবেন ইউনাইটেড কোচ
ম্যানচেস্টার ইউনাইটেড কোচ হুবেন আমুরি। ছবি: রয়টার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2025, 06:05 PM

Updated : 26 Aug 2026, 12:47 PM

বিভীষিকাময় মৌসুমের শেষ প্রান্তে দাঁড়িয়ে ম্যানচেস্টার ইউনাইটেড। এমন একটি দুঃস্বপ্নের সময় পার করার পর সমর্থকদের সামনে দাঁড়ানো ভীষণ কঠিন। ইংলিশ ক্লাবটির কোচ হুবেন আমুরি সেই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। বললেন, মাঠে দাঁড়িয়েই সবার কাছে ক্ষমা চাইবেন তিনি। 

মৌসুমের শেষ ম্যাচে রোববার অ্যাস্টন ভিলার মুখোমুখি হবে ইউনাইটেড। ম্যাচটি খেলবে তারা ঘরের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে। ফলাফল যা-ই হোক, এই লড়াই শেষে ঘরের দর্শকদের সামনে নিজের হৃদয়ের কথা তুলে ধরতে চান আমুরি।

প্রিমিয়ার লিগে নিজেদের ইতিহাসের সবচেয়ে বাজে মৌসুম কাটাচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড। পয়েন্ট টেবিলে ১৬ নম্বরে আছে তারা। ৩৭ ম্যাচের স্রেফ ১০টি জিতেছে আমুরির দল, হেরেছে ১৮টি।

এমন বাজে মৌসুমেও ইউরোপা লিগের মঞ্চে ইউনাইটেড ছিল ভিন্ন এক দল। অবিশ্বাস্যভাবে ফাইনালের আগ পর্যন্ত অপরাজিত ছিল তারা। এই শিরোপা জিতে আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নেওয়ার হাতছানিও ছিল।

কিন্তু শেষ আশাটুকু তাদের ভেঙে যায় গত বুধবার। প্রিমিয়ার লিগে ধুঁকতে থাকা আরেক দল টটেনহ্যাম হটস্পারের কাছে ১-০ গোলে হেরে যায় ইউনাইটেড। তাতে আগামী মৌসুমে ইউরোপিয়ান কোনো প্রতিযোগিতায় খেলতে পারবে না তারা, ১৯৯০ সাল থেকে দ্বিতীয়বারের মতো এমন অভিজ্ঞতা হতে যাচ্ছে তাদের।

হতাশায় মোড়ানো মৌসুম শেষে তাই সমর্থকদের কাছে ক্ষমা চাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ৪০ বছর বয়সী কোচ আমুরি।

“ক্ষমা চাইব, আমার মনে হয় এটা পরিষ্কার। ব্যাখ্যা করার সময় নেই। আমি সমর্থকদের সঙ্গে সৎ থাকব এবং মনে যা আছে বলব, বিশেষ করে আমার হৃদয়ে।”

অ্যাস্টন ভিলার বিপক্ষে ম্যাচ শেষে পুরো ওল্ড ট্র্যাফোর্ডের পুরো মাঠ প্রদক্ষিণ করবেন ম্যানচেস্টার ইউনাইটেডের কোচিং স্টাফের সদস্য ও ফুটবলাররা। যতই খারাপ মৌসুম কাটুক, এই প্রথা এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ দেখেন না ৪০ বছর বয়সী আমুরি।

“এটা ঐতিহ্য এবং আমাদের এর মুখোমুখি হতে হবে। আমরা এটা না করলে সবচেয়ে বড় ভুল হবে। আমি জানি, সবার সামনে কোচকে কথা বলতে হয় এবং আমি সেটা করব, অন্তত এটা তো করতে পারি। কী বলতে চাই, সেটার একটি ধারণা আমার আছে, তবে আগামীকাল ঠিক করব। যদি কোনো মৌসুম থাকে যেখানে আমাদের এমন করতে হবে, আমার মনে হয় এটাই সেটি।”