১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন ইতালি কোচ

নরওয়ের বিপক্ষে দলের পারফরম্যান্সে হতাশা ঝরল জেন্নারো গাত্তুসোর কণ্ঠে।

সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন ইতালি কোচ
ইতালি কোচ জেন্নারো গাত্তুসো। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2025, 04:57 PM

Updated : 26 Aug 2026, 05:08 PM

গ্রুপ সেরা হয়ে সরাসরি বিশ্বকাপে খেলতে শেষ রাউন্ডে বিশাল ব্যবধানে জিততে হতো ইতালিকে। প্রায় অসম্ভব সেই চ্যালেঞ্জে খেলতে নেমে উল্টো হেরে গেছে চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। নরওয়ের বিপক্ষে দলের হতাশাজনক পারফরম্যান্সের পর সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন ইতালির কোচ জেন্নারো গাত্তুসো।

ঘরের মাঠ মিলানের সান সিরোয় রোববার নরওয়ের কাছে ৪-১ গোলে হেরে যায় ইতালি। এখন প্লেঅফের বৈতরণী পার করে বৈশ্বিক আসরে জায়গা করে নিতে হবে তাদের।

টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলতে না পারার ঝুঁকিতে এখন ইতালি। গত দুইবারই প্লে অফে হেরে বিশ্বকাপে খেলতে পারেনি তারা।

নরওয়ে ম্যাচে শেষে রাই স্পোর্টসে গাত্তুসো বলেন, প্লে অফের কঠিন পরীক্ষা উৎরে বিশ্বকাপে জায়গা করে নেওয়ার ব‍্যাপারে তারা আত্মবিশ্বাসী। 

“আমরা সমাধান খুঁজে বের করব। আমরা সেমি-ফাইনালসে জায়গা করে নিতে চাই। সেখান থেকে ফাইনালে যেতে চাই এবং বিশ্বকাপে জায়গা করে নিতে চাই।”

“সবার আগে সমর্থকদের কাছে আমাদের ক্ষমা চাইতে হবে, কারণ ৪-১ ব্যবধান অনেক বড় পরাজয়।”

বাছাই পর্বে ৮ ম্যাচের ৬টি জিতে ১৮ পয়েন্ট পেয়েছে ইতালি। আর সবগুলো ম্যাচ জিতে ২৪ পয়েন্ট নিয়ে বিশ্বকাপে জায়গা করে নিয়েছে নরওয়ে। ১৯৯৮ আসরের পর আবার বিশ্ব মঞ্চে খেলবে তারা।

নরওয়ে ম্যাচের শুরুটা ভালোই হয় ইতালির। একাদশ মিনিটে এসপোসিতোর গোলে এগিয়ে যায় তারা। কিন্তু দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়িয়ে বিশ্ব চ্যাম্পিয়নদের গোল বন্যায় ভাসায় নরওয়ে। তারা চারটি গোলই করে দ্বিতীয়ভাগে। জোড়া গোল করেন আর্লিং হলান্ড। ম্যানচেস্টার সিটি তারকার আগে-পরে অন্য দুই গোল করেন আন্তোনিও নুসা ও ইয়োর্গেন স্ত্রান লারসেন।

দ্বিতীয়ার্ধে দলের পারফরম্যান্সে ভীষণ হতাশ গাত্তুসো।

“এটা দুঃখজনক, প্রথমার্ধ ভালো ছিল, আমরা দল হিসেবে ভালো ছিলাম, কিন্তু সবচেয়ে বড় হতাশার বিষয় হলো, দ্বিতীয়ার্ধে নিজেদের মানের ধারেকাছে ছিলাম না আমরা।”