২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মেসিকে ছাড়া ‘সামনের পথচলা’ নিয়ে এখনই ভাবছেন না স্কালোনি

বিশ্বকাপ বাছাইয়ে পেরুর বিপক্ষে দলের সেরা তারকার খেলা নিয়ে সিদ্ধান্ত এখনও চূড়ান্ত করেননি আর্জেন্টিনা কোচ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2023, 05:08 PM

Updated : 17 Oct 2023, 05:08 PM

লিওনেল মেসি অবসর নিলে আর্জেন্টিনার আগামী দিনের পথচলা কেমন হবে? নতুনরা পারবে কি মহাতারকার শূন‍্যতা পূরণ করতে? চারদিকে ওঠা এই প্রশ্নগুলো নিয়ে এখনই ভাবতে চাইছেন না লিওনেল স্কালোনি। আর্জেন্টিনা কোচের বর্তমান ভাবনা মেসিকে কেন্দ্রে রেখেই।

মেসিকে ঘিরে এই প্রশ্নগুলো ওঠার কারণ অনেক। ২০২৬ বিশ্বকাপের আগে অবসর নেওয়ার ইঙ্গিত এই ফরোয়ার্ড দিয়েছেন আগেই। সাম্প্রতিক সময়ে চোটের কারণে ইন্টার মায়ামির হয়ে খেলা হয়নি বেশ কিছুদিন। চোট কাটিয়ে জাতীয় দলে ফিরে সবশেষ প্যারাগুয়ের বিপক্ষে নামেন বদলি হিসেবে।

বাংলাদেশ সময় বুধবার ভোর ৮টায় ২০২৬ বিশ্বকাপের লাতিন আমেরিকা অঞ্চলের বাছাইয়ের ম্যাচে পেরুর বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। এ ম্যাচেও মেসির খেলা নিয়ে শঙ্কার মেঘ পুরোটা কাটেনি।

প্যারাগুয়ে ম্যাচে ৫৩তম মিনিটে বদলি নেমে জালের দেখা পাননি মেসি। অবশ্য পোস্ট দুই দফায় বাধা হয়ে না দাঁড়ালে ৩৬ বছর বয়সী এই ফরোয়ার্ড পেতে পারতেন গোল। ওই ম্যাচে ১-০ গোলে জেতে আর্জেন্টিনা।

কদিন আগেই স্কালোনি বলেছিলেন, পেরুর বিপক্ষে মেসিকে খেলানোর সিদ্ধান্ত ‘আরও পরে’ নিতে চান। লিমায় সংবাদ সম্মেলনে জানালেন সিদ্ধান্ত চূড়ান্ত করেননি এখনও।

“লিও ভালো আছে। অনুশীলনে আরও কিছুটা সময় কাটিয়েছে। তার ব্যাপারে আমরা আগামীকাল সিদ্ধান্ত চূড়ান্ত করব। ভাবনাটা আসলে মিনিটের হিসেব নিয়ে, সে কতটা খেলতে পারবে, সেটা দেখব। যদি সে ভালো বোধ করে, আপনারাও জানেন আমি কী ভাবছি, সে খেলবে। আমরা সবসময় চেষ্টা করি, যারা শতভাগ কিংবা তার কাছাকাছি ফিট, তাদের খেলাতে।“

“মাঠে যেই থাকুক, আমি মনে করি, এই দল নিবেদন দিয়ে খেলে এবং এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেদিন আমরা দেখেছি, (প্যারাগুয়ের বিপক্ষে) মেসিকে ছাড়াও ভালো খেলতে পারি আমরা।”

সামনের পথচলায় অবশ্য মেসিকে রেখেই পরিকল্পনা সাজাচ্ছেন স্কালোনি। মেসি না থাকলে দল কেমন করবে-এখন থেকেই দলকে সেভাবে প্রস্তুত করা উচিত কি-না, এমন এক প্রশ্নের জবাবে যেন কিছুটা বিরক্তই হলেন কোচ।

“বিষয়টা মাথায় রাখুন-মেসি এখনও আমাদের সাথে আছে। ‘যখন সে থাকবে না’-এটা কেমন ভাবনা। সত্য হচ্ছে, সে এখনও সক্রিয়, তাকে একা থাকতে দিন। আমরা কি এখনই তাকে অবসরে পাঠিয়ে দিচ্ছি?”

টানা তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইয়ের টেবিলে শীর্ষে আছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।