আমিও চাই আমার সিভিতে সাফ যোগ হোক: জামাল
আপাতত অবশ্য ম্যাচ বাই ম্যাচ ভাবতে চান বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক।
সেই ২০১৩ সাল থেকে সাফ চ্যাম্পিয়নশিপে খেলছেন জামাল ভূঁইয়া, কিন্তু পাননি শিরোপা স্বাদ। অধরা সেই স্বপ্ন নিয়ে এবার পঞ্চমবারের মতো এই প্রতিযোগিতায় খেলতে যাচ্ছেন তিনি। চাওয়া পূরণের পথটা যে কঠিন, তা জামাল নিজেও ভালোভাবে জানেন। কিন্তু লক্ষ্যের প্রশ্নে আড়াল করলেন না একান্ত আকুতি-আমিও চাই আমার সিভিতে যোগ হোক সাফের শিরোপা।
আগামী ২১ জুন ভারতের বেঙ্গালুরুতে শুরু হবে দক্ষিণ এশিয়ার ফুটবলের সর্বোচ্চ আসর। ‘বি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে আছে এবারের আসরের দুই অতিথি দলের একটি লেবানন এবং সাফের দুই দল মালদ্বীপ ও ভূটান।
সাফ মিশন শুরুর আগে শনিবার দুপুরে কম্বোডিয়া রওনা দেবে বাংলাদেশ দল। সেখানে ১২ জুন স্থানীয় দল টিফফি আর্মির বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ আছে। এর তিন দিন পর স্বাগতিক কম্বোডিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলে ভারতের উদ্দেশে উড়াল দেবে দল।
কম্বোডিয়া সফর ও সাফ সামনে রেখে শুক্রবার ২৩ জনের দল দিয়েছেন কোচ হাভিয়ের কাবরেরা। বাফুফে ভবনে সংবাদ সম্মেলনে দল, ব্যক্তিগত ও দলীয় লক্ষ্য নিয়ে কথা বলেন অধিনায়ক জামালও। লক্ষ্য নিয়ে অবশ্য তার দোলাচলের অন্ত নেই।
“আগেও বলেছি, আমাদের ম্যাচ বাই ম্যাচ এগোতে হবে। সেমি-ফাইনাল, ফাইনাল এই চিন্তাগুলো এখন আমাদের বাদ দিতে হবে, এখন আমরা চিন্তা করব লেবাননের বিপক্ষে প্রথম ম্যাচ নিয়ে। এরপর মালদ্বীপ, ভুটান ম্যাচ নিয়ে ভাবতে হবে। এরপর আমাদের পরবর্তী লক্ষ্য নির্ধারণ করতে হবে।”
“নতুন দুইটা দল (কুয়েত ও লেবানন) ঢুকেছে। আমাদের গ্রুপে একটা দল (লেবানন) আছে। তাতে আমি মনে করি, এই প্রতিযোগিতা আগের চেয়ে আরেকটু কঠিন হয়ে গেছে। তবে আমি মনে করি, প্রতিটি সাফই ভিন্নরকম। দুইটা নতুন দল ঢোকায় এই সাফও আলাদা। তো এটা চ্যালেঞ্জিং। গত সাফে আমরা গ্রুপ পর্ব পেরুনোর খুব কাছাকাছি ছিলাম, কিন্তু আমরা পারিনি। এবার পেরুতে চাই।”
গত ১৩ আসরের মধ্যে ২০০৩ সালে প্রথম এবং সবশেষ দক্ষিণ এশিয়ার ফুটবলের শ্রেষ্ঠত্বের মুকুট জিতেছিল বাংলাদেশ। এরপর খরায় ভুগছে দল। জামাল এবার এই স্বাদ পেতে উন্মুখ।
“যারা ফুটবল খেলে, তারা সবাই চায়, সিভিতে কিছু একটা থাকুক, সাফ শিরোপা থাকুক। একই চাওয়া আমারও। ইনশাল্লাহ… কেবল আমি নই, দলের সবাই এটা চায়। বাংলাদেশ দলের সবার জন্যই এটা অনেক বড় স্বপ্ন।”
“অবশ্যই (সাফ জিতে ইতিহাসের অংশ হতে চাই)। যদি টিম জিতে, সবার নামই তো ইতিহাসের পাতায় উঠবে। আমিও এটা চাই। কেবল আমি নই, সব খেলোয়াড়, কোচ, কর্মকর্তা, টিমের চারপাশে যারা আছে, তারা সবাই এটা চায়। সবার জন্যই এই সাফ চ্যাম্পিয়নশিপ গুরুত্বপূর্ণ।”
চূড়ান্ত দলে এলিটা কিংসলে ছাড়াও জায়গা হয়নি রিমন হোসেন, টুটুল হোসেন বাদশা, মাশুক মিয়া জনি, শাহরিয়ার ইমন, সাজ্জাদ হোসেন ও মেহেদী হাসান শ্রাবণের। টিকে গেছেন হালকা চোটে ভোগা বিশ্বনাথ ঘোষ, তপু বর্মন। জামালের আশা, চোট কাটিয়ে সেরে উঠবে সবাই।
“সবশেষ চার দিন আমরা কঠোর পরিশ্রম করেছি। এর মধ্যে সাফের প্রতিপক্ষ লেবানন, মালদ্বীপ, ভুটান নিয়ে কথা বলেছি। সব মিলিয়ে ভালো প্রস্তুতি হয়েছে। প্রস্তুতি চলছে। সামনে কম্বোডিয়ার বিপক্ষে ম্যাচ। এখানে ছোটখাটো চোট আছে, আশা করি এই ছোটখাটো চোট আমরা কাটিয়ে উঠব। আমি মনে করি, সবাই সাফের জন্য প্রস্তুত হয়ে যাবে।”
“শেষ চার দিন কোচ তো সবকিছু দেখেছে, আপনারা দল নিয়ে, স্ট্রাইকার নিয়ে অনেক প্রশ্ন করেছেন, চূড়ান্ত দল কোচের পছন্দের, এদের উনি বেছে নিয়েছেন। এখানে তো আমার কিছু বলার নাই। কে কে ফিট আছে, কে নেই, উনি নিজে সেগুলো দেখে সিদ্ধান্ত নিয়েছে। এটা তার চয়েস।”
মালদ্বীপে গত সাফে খেলা দলের সাথে বর্তমান দলের তুলনায় কৌশলী উত্তরই দিয়েছেন জামাল। বলেছেন-দুটিই ভালো দল। কিংসলে, সাজ্জাদ হোসেনের আক্রমণভাগে না থাকা নিয়েও তিনি জানালেন সিদ্ধান্ত সব কোচ কাবরেরার।
“যারা অ্যাভেইলেবল আছে, তাদের মধ্য থেকে কোচ বেছে নিয়েছেন। যারা খেলবে, তাদেরকে অবশ্যই সুযোগটা নিতে হবে এবং সেরাটা দিতে হবে। এটা কেবল ডিফেন্ডার বা স্ট্রাইকারদের জন্য নয়, সবার জন্য প্রযোজ্য। সবাইকেই সেরাটা দিতে হবে, সবাই সেরাটা দিতে না পারলে টিম পারফর্ম করতে পারবে না।”
“আমার তো বিশ্বাস আছে (আক্রমণভাগে যারা আছে তারা গোল করতে পারবে)। আমি দেখেছি, ওরা কঠোর পরিশ্রম করে। জানি, ওরা ক্লাবে কম খেলার সুযোগ পায়। এ কারণেই হয়ত আপনারা একটু কৌশলী প্রশ্ন করছেন, কিন্তু কোচ ওদেরকে দেখেছেন, এজন্য বেছে নিয়েছেন।”
