সেমিতে জিতে বোনাস পেলেন আল হিলালের ফুটবলাররা
দলের প্রত্যেক সদস্যকে ১০ লাখ রিয়াল বোনাস দেবেন সৌদি আরবের প্রিন্স আলওয়ালিদ বিন তালাল।
ক্লাব বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নেওয়ায় পুরস্কার পাচ্ছেন আল হিলালের খেলোয়াড়রা। দলের প্রতিটি সদস্যকে ১০ লাখ রিয়াল বোনাস দেওয়ার ঘোষণা দিয়েছেন সৌদি আরবের প্রিন্স আলওয়ালিদ বিন তালাল।
সেমি-ফাইনালের লড়াইয়ে গত মঙ্গলবার লাতিন আমেরিকান চ্যাম্পিয়ন ফ্লামেঙ্গোকে ৩-২ গোলে হারায় আল হিলাল। সৌদি আরবের প্রথম দল হিসেবে ক্লাব বিশ্বকাপের ফাইনালে খেলবে তারা।
আল হিলালের একজন বড় সমর্থক হিসেবে পরিচিত প্রিন্স আলাওয়ালিদ। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে আরও ঘোষণা দিয়েছেন, ফাইনালে জিততে পারলে খেলোয়াড়দের একই উপহার দেবেন তিনি।
সৌদি ক্রীড়া চ্যানেল এসএসসি জানিয়েছে যে, সেমিতে জয়ের জন্য আল হিলালের সব খেলোয়াড় দেশটির ক্রীড়া মন্ত্রীর কাছ থেকে পাঁচ লাখ রিয়াল করে উপহার পাবেন।
শিরোপার লড়াইয়ে আগামী শনিবার মাঠে নামবে আল হিলাল। তাদের প্রতিপক্ষ বুধবার রিয়াল মাদ্রিদ ও আল আহলির লড়াইয়ের জয়ী দল।
আল হিলালের এই অর্জন সৌদি সরকার তাদের আরেকটি অর্জন হিসেবে উদযাপন করেছে। গত বিশ্বকাপে গ্রুপ পর্বে আর্জেন্টিনাকে হারিয়ে পুরো ফুটবল বিশ্বকে চমকে দিয়েছিল আরব দেশটি। পরে চ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনা।
