‘ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য আমুরিই সঠিক ব্যক্তি’
গত মৌসুমে ১৫তম হয়ে প্রিমিয়ার লিগ শেষ করলেও খেলোয়াড়রা এখনও আস্থা রাখছেন এই পর্তুগিজ কোচের প্রতি, বলছেন মিডফিল্ডার মানুয়েল উগার্তে।
দায়িত্বের প্রথম মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেডে সময় ভালো না কাটলেও খেলোয়াড়দের পাশেই পাচ্ছেন হুবেন আমুরি। দলটির মিডফিল্ডার মানুয়েল উগার্তে বলছেন, তারা এখনও আস্থা রাখছেন এই পর্তুগিজ কোচের প্রতি।
স্পোর্তিং লিসবনে দারুণ সাফল্যের পর গত বছরের নভেম্বরে ইউনাইটেডের দায়িত্ব নেন আমুরি। তবে তার কোচিংয়ে প্রিমিয়ার লিগে ২৭ ম্যাচের মধ্যে স্রেফ সাতটিতে জিততে পারে ওল্ড ট্র্যাফোর্ডের দলটি। দীর্ঘদিন ধরে অতীতের কঙ্কাল হয়ে থাকা দলটি লিগ শেষ করে ১৫তম স্থানে আছে, প্রিমিয়ার লিগ যুগে যা তাদের সবচেয়ে বাজে অবস্থান।
ইউরোপা লিগের ফাইনালে টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে ১-০ গোলে হেরে চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নিতেও ব্যর্থ হয় তারা। স্পোর্তিংয়েও আমুরির কোচিংয়ে খেলা উরুগুয়ের ২৪ বছর বয়সী মিডফিল্ডার উগার্তে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বললেন, ইউনাইটেডের জন্য আমুরিই উপযুক্ত ব্যক্তি।
“আমাদের উন্নতি করতে হবে। আমরা সবাই খুবই উজ্জীবিত, কারণ আমরা কোচের ওপর আস্থা রাখছি, তিনি যা চান, তাতে আমাদের আস্থা আছে, আর এটা খুবই গুরুত্বপূর্ণ।”
“গত বছর আমরা কিছু পরিবর্তন এনেছি, আমাদের কোচ পরিবর্তন করেছি, আমাদের ফর্মেশন পরিবর্তন করেছি। ইউনাইটেডের হয়ে খেললে দায়িত্ব নিতে হবে। কখনও কখনও দলের মধ্যে বোঝাপড়া তৈরি করতে সময় লাগে। আমি ইতোমধ্যেই এই লিগ, প্রতিদ্বন্দ্বীদের সম্পর্কে জানি, যা গুরুত্বপূর্ণ।”
যুক্তরাষ্ট্রে দুটি প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচ খেলবে ইউনাইটেড- বুধবার শিকাগোতে বোর্নমাউথের বিপক্ষে ও রোববার আটলান্টায় এভারটনের বিপক্ষে। এরপর ৯ অগাস্ট ওল্ড ট্র্যাফোর্ডে ফিওরেন্তিনার মুখোমুখি হবে তারা।
১৭ অগাস্ট আর্সেনালের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের নতুন মৌসুমের প্রিমিয়ার লিগ অভিযান।
