ইংলিশ ফুটবল
Published : 16 Apr 2026, 09:20 PM
ম্যানচেস্টার সিটির জার্সিতে দীর্ঘ নয় বছরের গৌরবোজ্জ্বল অধ্যায়ের ইতি টানতে যাচ্ছেন বের্নার্দো সিলভা। ইংলিশ ক্লাবটিতে কাটানো সময়, অর্জন ও স্মৃতিগুলোকে সামনে এনে আবেগঘন এক বিদায়ী বার্তা দিয়েছেন পর্তুগিজ তারকা। যেখানে তিনি কৃতজ্ঞতা জানিয়েছেন ক্লাব, সতীর্থ ও সমর্থকদের।
চলতি মৌসুম শেষে সিটির জার্সিতে আর দেখা যাবে না সিলভাকে, কদিন আগে নিশ্চিত করেছিলেন ক্লাবের সহকারী কোচ পেপ লাইন্ডার্স। সামাজিক মাধ্যমে বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে সিটি ছাড়ার ঘোষণা দিলেন ৩১ বছর বয়সী সিলভা।
আট বছর বয়সে নিজ দেশের ক্লাব বেনফিকার একাডেমিতে পা রাখেন সিলভা। এই ক্লাবের হয়েই ১৯ বছর বয়সে তার অভিষেক হয় পেশাদার ফুটবলে। ২০১৫ সালে তিনি ধারে খেলতে যান মোনাকোয়। পরে ফরাসি ক্লাবটিতেই পাড়ি জমান নতুন চুক্তিতে।
সেখান থেকে ২০১৭ সালে সিটিতে আসেন সিলভা। ক্রমেই দলটির অপরিহার্য অংশ হয়ে ওঠেন তিনি। পেপ গুয়ার্দিওলার সিটিতে তিনি দলের প্রাণভ্রোমরা।
সিটির গত কয়েক বছরের অসাধারণ পথচলায় বড় অবদান আছে সিলভার। ক্লাবটির হয়ে ছয়টি প্রিমিয়ার লিগ, পাঁচটি লিগ কাপ, তিনটি কমিউনিটি শিল্ড, দুটি এফএ কাপ, একটি করে চ্যাম্পিয়ন্স লিগ, উয়েফা সুপার কাপ ও ক্লাব বিশ্বকাপ জিতেছেন তিনি।
২০১৭-১৮ মৌসুমে সিটির ১০০ পয়েন্ট পেয়ে লিগ শিরোপা জেতায় সিলভার ছিল বড় ভূমিকা। পরের মৌসুমে ঘরোয়া তিনটি ট্রফিই জেতার স্বাদ পান তিনি। ২০২১ থেকে ২০২৪ সাল পর্যন্ত টানা চারটি লিগ শিরোপা জয়ের কীর্তি গড়া দলের গুরুত্বপূর্ণ সদস্য তিনি।
সিটির জার্সিতে সব প্রতিযোগিতা মিলিয়ে সাড়ে চারশর বেশি ম্যাচ খেলেছেন সিলভা। এই মিডফিল্ডার ৭৬ গোল করার পাশাপাশি অ্যাসিস্ট করেছেন ৭৭টিতে।
ইনস্টাগ্রামে দেওয়া বিদায়ী বার্তায় সেসব অর্জনের কথা তুলে ধরলেন সিলভা।
“৯ বছর আগে যখন এখানে এসেছিলাম, ছোট্ট ছেলের স্বপ্নকে তাড়া করছিলাম; জীবনে সফল হতে চেয়েছিলাম, বড় কিছু অর্জন করতে চেয়েছিলাম। এই শহর এবং এই ক্লাব আমাকে তার চেয়েও অনেক বেশি দিয়েছে, কল্পনার চেয়েও বেশি। একসঙ্গে যা জিতেছি ও অর্জন করেছি, তা এমন এক ‘লেগাসি’, যা চিরকাল হৃদয়ে থাকবে। শত পয়েন্টের ওই মৌসুম, ঘরোয়া ফুটবলের কোয়াড্রপল, ট্রেবল, টানা চারবার লিগ জয় এবং আরও কত কী...খুব একটা খারাপ ছিল না!”
“আর কয়েক মাস পর এই শহরকে বিদায় বলতে হবে, যেখানে আমরা কেবল ফুটবল ক্লাব হিসেবে অনেক কিছু জিতেছি এমন নয়, এখানে আমার দাম্পত্য জীবন ও পরিবারেরও শুরু। হৃদয়ের গভীর থেকে ইনেস (স্ত্রী) ও কার্লোতাকে (মেয়ে) ধন্যবাদ!”
লম্বা সময় ধরে তাকে ও সিটিকে সমর্থন দিয়ে যাওয়া সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানালেন সিলভা। নিজেকে সিটির আজীবনের সমর্থক ঘোষণা করলেন তিনি।
“ভক্তদের বলতে চাই, বছরের পর বছর আপনাদের এই নিঃশর্ত সমর্থন কোনোদিন ভুলব না। খেলোয়াড় হিসেবে আমার মূল লক্ষ্য ছিল সবসময় শতভাগ উজাড় করে দিয়ে খেলা এবং মাঠে ভালোভাবে দলের প্রতিনিধিত্ব করা, যাতে আপনারা গর্বিত হতে পারেন। আশা করি, প্রতিটি ম্যাচেই সেটি অনুভব করেছেন। ম্যান সিটির একজন খেলোয়াড় হিসেবে এসেছিলাম, কিন্তু বিদায় নিচ্ছি আপনাদেরই একজন হয়ে—আজীবন ম্যান সিটির সমর্থক হিসেবে। এই তরুণ দলটিকে সমর্থন দিয়ে যান, আমি নিশ্চিত যে ভবিষ্যতে তারা আপনাদের আরও অনেক চমৎকার স্মৃতি উপহার দেবে।”
সিটির জার্সিতে শেষ কয়েকটি সপ্তাহ সবাইকে নিয়ে উপভোগ করতে চান সিলভা।
“দারুণ সব স্মৃতির জন্য এবং আমাকে এতদিন এই যাত্রার অংশ করে রাখার জন্য ক্লাব কর্তৃপক্ষ, পেপ, স্টাফ ও গত ৯ বছরে আমার সব সতীর্থকে ধন্যবাদ। প্রতিদিন অনুশীলনে যে পরিবেশ আমরা তৈরি করেছিলাম, তা এখানে আমাকে স্বচ্ছন্দে রাখে এবং মনে হতো আমি একটি বড় পরিবারের অংশ। চলুন, শেষ সপ্তাহগুলো একসঙ্গে উপভোগ করি এবং এই মৌসুমে এখনও যা পাওয়ার বাকি আছে, তার জন্য লড়াই করি।”
লিগ শিরোপা পুনরুদ্ধারের দৌড়ে আর্সেনালকে তাড়া করছে সিটি। ৩১ রাউন্ড শেষে ৬৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে তারা। এক ম্যাচ বেশি খেলা আর্সেনাল ছয় পয়েন্ট বেশি নিয়ে আছে শীর্ষে।