এশিয়ান কাপ বাছাই
Published : 31 May 2025, 08:54 PM
ক্যাম্পের প্রথম দিনের অনুশীলন শুরুর কথা ছিল বেলা পাঁচটায়, ঢাকা জাতীয় স্টেডিয়ামে। কিন্তু সাড়ে চারটার পর কালো মেঘে ঢেকে গেল আকাশ। এরপর শুরু হলো তুমুল বৃষ্টি। শেষ মুহূর্তে অনুশীলনের ভেন্যু তাই বদলে গেল। বসুন্ধরা কিংস অ্যারেনায় সতীর্থদের সঙ্গে অনুশীলন করলেন ফাহামিদুল ইসলাম, যাকে ঘিরে বাংলাদেশের ফুটবলে উন্মাদনা বেড়েই চলেছে।
ভারতের বিপক্ষে গোলশুন্য ড্র দিয়ে এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ড শুরু করে বাংলাদেশ। শিলংয়ের ওই ম্যাচে আলো ছড়ান হামজা চৌধুরী। ইংল্যান্ড প্রবাসী এই ডিফেন্সিভ মিডফিল্ডারের সাথে এবার দলে যোগ হচ্ছেন কানাডার লিগে খেলা সামিত সোম ও ইতালির সেরি ডিতে খেলা ফরোয়ার্ড ফাহামিদুল ইসলাম।
বাংলাদেশি বংশোদ্ভূত এই তিন প্রবাসীর সাথে স্থানীয়দের সমন্বয়ে বর্তমান দল ভারসাম্যপূর্ণ বলে মনে হচ্ছে হাসান আল মামুনের। গত মার্চে ভারত ম্যাচের ক্যাম্পে থেকেও খেলার সুযোগ না পাওয়া ফাহামিদুলকে এবার আরও পরিণত মনে করছেন এই সাবেক ডিফেন্ডার।
“আমাদের দৃষ্টিতে এটা ব্যালান্স টিম। ডিফেন্স, অ্যাটাকিং সব দিক থেকে আগের চেয়ে ভালো দল…বিশ্বনাথ ঘোষ চোটের কারণে বাইরে রয়েছে, সে আমাদের রক্ষণের জন্য গুরুত্বপূর্ণ প্লেয়ার। আশা করি, সে সেরে উঠে দলে ফিরবে।”
“ফাহামিদুল অবশ্যই মেধাবী খেলোয়াড়। ওই সময় সে সৌদি আরবে খুব কম সময় পেয়েছে। এখনকার ফাহামিদুল আমার ও কাবরেরার কাছে মনে হচ্ছে, সে অনেকটা প্রস্তুত হয়ে এসেছে, সে ভালো কিছু করার জন্য মুখিয়ে আছে। ইনশাল্লাহ, দেখা যাক, সে কীভাবে নিজেকে মেলে ধরতে পারে।”
ভুটান ও সিঙ্গাপুর ম্যাচ সামনে রেখে মাঠের প্রস্তুতি শুরুর আগে হয় টিম মিটিং। সেখানে প্রধান কোচ এই দুই ম্যাচের রণকৌশল, নিজের ভাবনা ও প্রত্যাশা বুঝিয়ে দেন বলে জানালেন সহকারী কোচ হাসান আল মামুন।
“অবশ্যই ছেলেরা রোমাঞ্চিত ছিল জাতীয় স্টেডিয়ামে অনুশীলন হবে বলে, ওরা প্রস্তুতও ছিল। কিন্তু আবহাওয়ার কারণে…হুট করে বলা হলো, কিংস অ্যারেনায় যাচ্ছি, ওদের প্র্যাকটিস গ্রাউন্ডে। এর আগেই অবশ্য টিম মিটিং হয়েছে।”
“হাভিয়ের যেটা করে, দলে কার কী দায়িত্ব, আগে কে কী করেছে, কী করা যেত-এগুলোর সাথে তাদের অনুপ্রাণিত করা, সবাইকে উজ্জীবিত করার জন্য মিটিংয়ে একটা বার্তা দেয়। সামনে আমরা সিঙ্গাপুরের বিপক্ষে জিততে চাই, সব মিলিয়ে ফুটবল নিয়ে যে আবহ চারদিকে তৈরি হয়েছে, সেটা সবাইকে বুঝিয়ে দেওয়া হয়েছে।”
ঢাকা জাতীয় স্টেডিয়ামে বুধবার ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলার পর ১০ জুন এশিয়ান কাপের বাছাইয়ের ম্যাচে সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ।