২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

‘ফাহামিদুল আমাদের মতোই মিশুক’

হামজা চৌধুরী-সামিত সোমের উপস্থিতিতে মাঝমাঠ শক্তিশালী হওয়ায় রক্ষণের কাজ সহজ হবে বলে মনে করেন ইসা ফয়সাল।

‘ফাহামিদুল আমাদের মতোই মিশুক’
জাতীয় দলের ক‍্যাম্পে যোগ দিতে গত বুধবার ঢাকা এসেছেন ইতালি প্রবাসী ফুটবলার ফাহামিদুল ইসলাম। ছবি: ফেইসবুক

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2025, 09:04 PM

Updated : 26 Aug 2026, 12:50 PM

এর আগে ক্যাম্প থেকে ফাহামিদুল ইসলামের চলে যাওয়া নিয়ে বিতর্ক হয়েছিল ঢের, সমালোচনার তীর ধেয়ে গিয়েছিল স্থানীয় কয়েকজন খেলোয়াড়ের দিকে। এবার যেন পরিস্থিতি বদলেছে। ইতালির সেরি ডি’তে খেলা এই ফরোয়ার্ডও বাংলাদেশ দলের সতীর্থদের সাথে মিশতে পারছেন, কথা বলতে পারছেন খোলা মন নিয়ে। জাতীয় দলের ডিফেন্ডার ইসা ফয়সাল যেমন বললেন, ফাহামিদুল খুবই খোলা মনের ছেলে।

গত মার্চে ভারতের বিপক্ষে এশিয়ান কাপের বাছাইয়ের ম্যাচের আগে সৌদি আরবে ক্যাম্পে যোগ দিয়েছিলেন ফাহামিদুল। কিন্তু পরে তিনি সেখান থেকেই ফিরে যান ইতালি। ভুটান ও সিঙ্গাপুরের বিপক্ষে আসছে ম্যাচের জন্য ক্যাম্পে ফিরেছেন তিনি। শনিবার বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুশীলনও করেছেন সতীর্থদের সাথে।

গত বুধবার ঢাকায় পা রেখে ফাহামিদুল ওঠেন টিম হোটেলে। প্রাথমিক দলের ২৬ জনের ২৪ জন শুক্রবার যোগ দেন ক্যাম্পে। মাঠের লড়াই শুরুর আগে সতীর্থদের সাথে মানিয়ে নেওয়ার জন্য সময় পাচ্ছেন ১৮ বছর বয়সী এই ফরোয়ার্ড। প্রস্তুতিতে নামার আগে, ইসাও জানালেন ফাহামিদুলের সঙ্গে ভালো সময় কাটছে তাদের।

“ফাহামিদুলের সাথে ভালো সময় কাটছে আমাদের। সে আমাদের মতোই মিশুক, খোলা মনের। সে যে প্রবাসী, সেটা আমি বলব না, সে বাংলাদেশী খেলোয়াড় সেটাই বড় কথা।”

প্রাথমিক দলে ফাহামিদুল ছাড়াও আছেন ইংল্যান্ড প্রবাসী হামজা চৌধুরী ও কানাডা প্রবাসী সামিত সোম। এ দুজনের উপস্থিতিতে শক্তি বাড়ছে মাঝমাঠের। তাতে আসছে ম্যাচে রক্ষণের কাজটাও সহজ হয়ে উঠবে বলে মনে করেন ডিফেন্ডার ইসা।

“অবশ্যই সিঙ্গাপুর দলকে আমরা সম্মান করি। ওরা ভালো দল। আমাদের ডিফেন্ডারদের মধ্যেও কৌতুহল আছে, প্রতিপক্ষ যত ভালোই হোক না কেন, আমরা সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব দলকে ভালো কিছু দেওয়ার।”

“মিডফিল্ড নিয়ে যেটা বললেন, হামজা ভাই আছে, সামিত সোম আসবে, ফাহামিদুল আছে, যারা আগে ছিল, তারাও আছে, ইনশাল্লাহ আমাদের মিডফিল্ড শক্তিশালী হবেই। সব মিলিয়ে আমরা সিঙ্গাপুরের সাথে ভালো কিছু করব। এমন কমপ্যাক্ট মিডফিল্ড থাকলে অবশ্যই ভালো, তারা তাদের কাজটা করতে পারলে আমাদের রক্ষণের কাজটা সহজ হয়ে যায়।”

হামজা-সামিত-ফাহামিদুলকে নিয়ে ভালো ফলের আশা রহমতের

দেশের মাটিতে প্রথম অনুশীলনে ফাহামিদুল