১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

ইউনাইটেডকে হারিয়ে ৫ বছর পর কমিউনিটি শিল্ড জিতল সিটি

টাইব্রেকারে গড়ানো রোমাঞ্চকর ম্যাচটি ৭-৬ ব্যবধানে জিতেছে পেপ গুয়ার্দিওলার দল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2024, 11:13 PM

Updated : 26 Aug 2026, 10:13 AM

নিজেদের সেরাটা দিতে পারলেন না দুই দলের খেলোয়াড়রা। ম্যাড়ম্যাড়ে ম্যাচের শেষ দশ মিনিটে অবশ্য ছড়ালো রোমাঞ্চ। গোলের জন্য মুখিয়ে থাকা দল দুটি পেল জালের দেখা। পরে রুদ্ধশ্বাস টাইব্রেকারে ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে কমিউনিটি শিল্ড জিতল ম্যানচেস্টার সিটি।

ওয়েম্বলিতে শনিবার পেনাল্টি শুটআউটে এফএ কাপ চ্যাম্পিয়ন ইউনাইটেডকে ৭-৬ ব্যবধানে হারায় প্রিমিয়ার লিগের শিরোপাধারী সিটি। এফএ কাপের ফাইনালে এরিক টেন হাগের দলের বিপক্ষে হারের ক্ষতে কিছুটা প্রলেপ দিল পেপ গুয়ার্দিওলার সিটি।

দুই দলের মূল ম্যাচ শেষ হয় ১-১ সমতায়। ৮২তম মিনিটে আলহান্দ্রো গারনাচো ইউনাইটেডকে এগিয়ে নেন। জয়ের আশায় থাকা দলটিকে শেষ সময়ে স্তব্ধ করে দেন বের্নার্দো সিলভা। ৮৯তম মিনিটে গোল করে ম্যাচ নিয়ে যান তিনি টাইব্রেকারে।

২০১৯ সালের পর কমিউনিটি শিল্ড চ্যাম্পিয়ন হলো সিটি। এরপর টানা তিনবার হারের তেতো স্বাদ পায় তারা; ২০২১ সালে লেস্টার সিটি, ২০২২ সালে লিভারপুল ও গত মৌসুমে আর্সেনালের বিপক্ষে। এবার অপেক্ষার অবসান ঘটাল সিটি।

টাইব্রেকারে অবশ্য শুরুটা ভালো হয়নি সিটির। ইউনাইটেডের প্রথম শটে ব্রুনো ফের্নান্দেস জালের দেখা পেলেও সিলভার শট ঠেকিয়ে দেন আন্দ্রে ওনানা। জ্যাডন স্যানচোর নেওয়ার চতুর্থ শটটি থামিয়ে চাপে থাকা সিটি শিবিরে স্বস্তি ফেরান এদেরসন।

এরপর আরও কিছুক্ষণ চলতে থাকে পেনাল্টি শুটআউট। অষ্টম শটটি নিতে এসে বল লক্ষ্যেই রাখতে পারেননি জনি ইভান্স। কিন্তু মানুয়েল আকাঞ্জির কোনো ভুল করেননি। বল জালে পাঠিয়ে সিটিকে উল্লাসে ভাসান সুইজারল্যান্ডের এই ডিফেন্ডার।