১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘নেতা’ ফের্নান্দেসকে ঘিরেই নতুন মৌসুমের স্বপ্ন বুনছেন কোচ

দলে যোগ দেওয়া নতুনদের সঙ্গে নিয়ে ‘মাঠের ভেতরে-বাইরে নেতা ব্রুনো ফের্নান্দেস’ আরও বেশি জ্বলে উঠবেন নতুন মৌসুমে, বলছেন ম্যানচেস্টার ইউনাইটেড কোচ ব্রুনো ফের্নান্দেস।

‘নেতা’ ফের্নান্দেসকে ঘিরেই নতুন মৌসুমের স্বপ্ন বুনছেন কোচ
ওয়েস্ট হ্যামের বিপক্ষে গোলের পর ফের্নান্দেসের উদযাপন। ছবি: ম্যান ইউনাইটেডের ফেইসবুক পাতা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2025, 03:08 PM

Updated : 26 Aug 2026, 01:27 PM

গত মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেডের দুঃস্বপ্নের আঁধারে আলোর উৎস ছিলেন কেবল ব্রুনো ফের্নান্দেস। সামনে তাকিয়েও এই মিডফিল্ডারকে মাঠের ভেতরে ও বাইরে নেতা মনে করেন হুবেন আমুরি। ম্যানচেস্টার ইউনাইটেড কোচের আশা, দলে যোগ হওয়া নতুনদের জ্বালানিতে নতুন মৌসুমে আরও বেশি জ্বলে উঠবেন এই পর্তুগজ তারকা।

সেই ইঙ্গিত অবশ্য এর মধ্যেই দিতে শুরু করেছেন ফের্নান্দেস। যুক্তরাষ্ট্রে প্রাক-মৌসুম সফরে শিকাগোয় শনিবার ওয়েস্ট হ্যামের বিপক্ষে ম্যানচেস্টার ইউনাইটেডের ২-১ গোলের জয়ে দুই অর্ধে গোল দুটিই করেন ফের্নান্দেস। 

মেটলাইফ স্টেডিয়ামে ম্যাচের পঞ্চম মিনিটে তার গোলটি ছিল পেনাল্টি থেকে। ৫২তম মিনিটে গোল করেন তিনি বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে।

গত মৌসুমের দুর্দান্ত পারফরম্যান্সের পর তার ক্লাব ছাড়ার গুঞ্জন ছিল। সৌদি আরবের ক্লাব আল হিলাল থেকে চোখধাঁধানো অঙ্কের প্রস্তাব ছিল তার। ফের্নান্দেস শুরুতে তা উপেক্ষা করতেও পারেনি। পরে অবশ্য ওল্ড ট্র্যাফোর্ডেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন ৩০ বছর বয়সী তারকা।

দলের প্রাণভ্রোমরা থেকে যাওয়ায় প্রাণ ফিরে আসে আমুরির আশায়ও। তাকে ঘিরেই নতুন মৌসুমে সাফল্যের ছবি আঁকছেন কোচ। 

“গত মৌসুমেই এটা খুবই পরিষ্কার হয়ে ফুটে উঠেছে। তার গোল করায়, গোলে সহায়তা করায় ফুটে উঠেছে সবই।”

“শুধু এসবই নয়। এখন যেহেতু দলে আরও বেশি (কার্যকর) ফুটবলার আছে, এই সফরে তা দেখা গেছে, আমার মনে হয়, এখন তাকে সহায়তা করার মতো ফুটবলার দলে আরও বেশি আছে। এটা ভালো ব্যাপার। সে আমাদের নেতা, খুবই গুরুত্বপূর্ণ এটি। শুধু মাঠের ভেতরে নয়, মাঠের বাইরেও।”

গত মৌসুমে অনেক ম্যাচেই ফের্নান্দেসকে দেখা গেছে মাঝমাঠের নিচের দিকে। তবে ওয়েস্ট হ্যামের বিপক্ষে এই ম্যাচে মানুয়েল উগার্তে ও কবি মেইনুকে একটু নিচে খেলিয়ে ফের্নান্দেসকে ওপরের দিকে খেলান কোচ, সঙ্গে ছিলেন নতুন যোগ হওয়া মাথেউস কুইয়া। 

এতে সামনের মৌসুমের কৌশলের আভাস আছে বলেই ফুটে উঠল কোচের কথায়। 

“সব পজিশনেই খেলা তো অসম্ভব। গত মৌসুমে আমার কখনও কখনও মনে হয়েছে, তাকে একটু নিচে খেলাতে বাধ্য হয়েছি বিল্ড-আপ করায় বলের নিয়ন্ত্রণ ধরে রাখতে। কিন্তু তাতে প্রকিপক্ষের বক্সের কাছে ব্রুনোর অভাব বোধ করেছি আমরা।”

“সে উদাহরণ তৈরি করে এগিয়ে যায়। কঠোর পরিশ্রম করে। সবসময়ই সব জায়গায় তাকে পাওয়া যায়। কখনও কখনও অনেক ব্যাথা সয়ে খেলে।”

ফের্নান্দেসের এই পরিশ্রম, মাঠজুড়ে খেলা আর মরিয়া চেষ্টার ভালোর মধ্যে কিছু মন্দের ছোঁয়াও অবশ্য দেখতে পান আমুরি। তবে নতুন মৌসুমে সেসব থাকবে না বলেই আশা তার। 

“সমস্যার একটি জায়গা হলো, কখনও কখনও সে হতাশ হয়ে পড়ে এবং নিজের মূল কাজ থেকে কিছুটা মনোযোগ সরে যায় তার। মাঝেমধ্যে সে সতীর্থদের এতটাই সহায়তা করতে চায় যে, আসল কাজে ভুল হয় এবং সবাইকে সহায়তা করতে যাওয়া সবসময় সেরা কাজ নয়। ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে বলের জন্য অপেক্ষা করতে হবে তাকে।”

“একজন নেতার মধ্যেই এই ধরনের ব্যাপার দেখা যায়। তবে তারও সহায়তা প্রয়োজন। আশা করি, এই মৌসুমে সে তা পাবে।”