‘লিগ শিরোপা জিততে হলে দুই বক্সেই উন্নতি করতে হবে’
মিকেল আর্তেতার মতে, চ্যাম্পিয়ন হওয়ার জন্য তাদের আরও ভালো খেলতে হবে।
প্রিমিয়ার লিগে পয়েন্ট টেবিলে এই মূহুর্তে ভালো অবস্থানে থাকলেও আক্রমণভাগ চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে আর্সেনালের জন্য। দলটির সবশেষ ম্যাচেও বিষয়টি ফুটে ওঠে প্রবলভাবে, যেখানে তারা হেরে যায় ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের বিপক্ষে। আর্সেনাল কোচ মিকেল আর্তেতার মতে, শিরোপা জিততে হলে তাদেরকে সব বিভাগেই দ্রুত উন্নতি করতে হবে।
লিগে গত বৃহস্পতিবার নিজেদের মাঠে ওয়েস্ট হ্যামের বিপক্ষে গোলের জন্য আর্তেতার দল ৩০টি শট নিয়েও একবারও পায়নি জালের দেখা! বিপরীতে ওয়েস্ট হ্যাম মাত্র ৬টি শট নিয়েই ২-০ গোলে জিতে যায়।
পুরো ম্যাচে ওয়েস্ট হ্যামের বক্সে আর্সেনাল বল স্পর্শ করে ৭৭ বার। ২০০৮-০৯ মৌসুমের পর থেকে ইংল্যান্ডের শীর্ষ লিগে প্রথম দল হিসেবে এতবার প্রতিপক্ষের বক্সে বল স্পর্শ করেও গোলের দেখা পায়নি আর্তেতার দল।
লিগে ১৯ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে আর্সেনাল। লিগে সবশেষ চার ম্যাচ মাত্র একটিতে জিতেছে তারা, হেরেছে দুই ম্যাচে।
চলতি লিগে পয়েন্ট তালিকার শীর্ষ পাঁচ দলের মধ্যে সবচেয়ে কম গোল করেছে তারা (৩৬টি)। অবশ্য গোল হজমের দিক থেকে তারা বেশ ভালোই করেছে, শীর্ষে থাকা লিভারপুলের (১৬টি) চেয়ে দ্বিতীয় সর্বনিম্ন ১৮টি গোল খেয়েছে আর্সেনাল।
আর্সেনালের পরবর্তী ম্যাচ রোববার, ফুলহ্যামের বিপক্ষে। এই ম্যাচের আগে সংবাদ সম্মেলনে আর্তেতা স্পষ্ট করে বললেন, উন্নতির ধারা অবশ্যই বজায় রাখতে হবে তাদের।
“আতঙ্কের কিছু নেই। আরও কিছু করার চেষ্টা বজায় রাখা, আরও ভাল করা এবং ম্যাচে জেতার চেষ্টা করে যাওয়াটাই আসল। দল যদি এভাবে খেলতে থাকে, তাহলে অনেক ম্যাচ জেতা সম্ভব। তবে আমরা যদি উভয় বক্সে (রক্ষণ ও আক্রমণে) উন্নতি না করি, তাহলে (আমরা লিগ জিতব) না। কারণ, শেষ পর্যন্ত সেটাই (ওয়েস্ট হ্যামের ফলাফল) মূল বিষয়।”
“কিন্তু বাকি যা হয়েছে (প্রতিপক্ষের বক্সে ৭৭ বার বল স্পর্শ করা), তা একটা রেকর্ড ছিল। তাই আমার মনে হয় না, লিগে এমন অনেক দল আছে যারা অনেক বছর ধরে এমন কিছু করেছে, তাই এটা আমার কাছে ইতিবাচক।”
