২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লুকাকুর ভবিষ্যৎ জানেন না চেলসি কোচও

সমস্যা সমাধানে ক্লাব ও খেলোয়াড়কে এগিয়ে আসতে হবে বলে মত মাওরিসিও পচেত্তিনোর।

লুকাকুর ভবিষ্যৎ জানেন না চেলসি কোচও

চেলসি ফরোয়ার্ড রোমেলু লুকাকু (বাঁয়ে) ও কোচ মাওরিসিও পচেত্তিনো।

স্পোর্টস ডেস্ক

Published : 20 Aug 2023, 06:33 PM

Updated : 20 Aug 2023, 06:35 PM

চলতি গ্রীষ্মের দলবদলের বাকি আছে আর অল্প কিছু দিন। তবে এখনও রোমেলু লুকাকুর ভবিষ্যতের ব্যাপারে কোনো কিছুই স্পষ্ট নয়। তিনি চেলসিতেই থাকবেন, নাকি ফের ঠিকানা বদল করবেন তা নিয়ে ধোঁয়াশা রয়েই গেছে। উদ্ভূত এই পরিস্থিতির জন্য কেবল ক্লাবের ওপর দোষ চাপানো পছন্দ নয় মাওরিসিও পচেত্তিনোর। দলটির কোচ মনে করেন, যথেষ্ট দায় রয়েছে বেলজিয়ান স্ট্রাইকারেরও। 

২০২১ সালে ইন্টার মিলান থেকে ৯ কোটি ৭৫ লাখ পাউন্ডের বিনিময়ে লুকাকুকে দলে টানে চেলসি। তবে ২০২১-২২ মৌসুমে সেভাবে প্রত্যাশা পূরণ করতে পারেননি তিনি। এরপর গত মৌসুমে এক মৌসুমের ধারের চুক্তিতে আবার ফেরেন ইন্টারে। 

মেয়াদ শেষে ক্লাবটির পক্ষ থেকে লুকাকুকে স্থায়ীভাবে ধরে রাখার আগ্রহের খবর সংবাদমাধ্যমে এসেছিল। তবে এর মাঝেই লুকাকুর আরেক ইতালিয়ান ক্লাব ইউভেন্তুসে যোগ দেওয়ার গুঞ্জনে বদলে যায় চিত্র। ইন্টার আলোচনা বন্ধ করে দেয়। তুরিনের ক্লাবে যাওয়া নিয়েও কোনো অগ্রগতি হয়নি। 

এই দলবদলে দল নতুন করে সাজাচ্ছে চেলসি। সেই ধারায় ক্লাবটিতে যোগ দিয়েছেন দুই ফরোয়ার্ড ক্রিস্তোফা এনকুনকু ও নিকোলাস জ্যাকসন। ২৫ বছর বয়সী এনকুনকু অবশ্য চলতি মাসে হাঁটুতে অস্ত্রোপচারের পর লম্বা সময়ের জন্য ছিটকে গেছেন। এরপরও লুকাকুকে ধরে রাখার ব্যাপারে সরাসরি আগ্রহ প্রকাশ করেননি পচেত্তিনো। 

ইংলিশ প্রিমিয়ার লিগে রোববার ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের বিপক্ষে মাঠে নামবে চেলসি। এই ম্যাচের আগে লুকাকু প্রসঙ্গে পচেত্তিনো বলেন, সমস্যা সমাধানে ক্লাব ও খেলোয়াড় দুই পক্ষকেই এগিয়ে আসতে হবে। 

“আমি আসার আগেই ক্লাব ও খেলোয়াড়ের মধ্যে পরিস্থিতিটা (লুকাকুর সঙ্গে) পরিষ্কার ছিল। আমাদের পক্ষে তাই কিছু করার নেই। বিষয়টি স্রেফ এক পক্ষের নয়। দুই পক্ষই জড়িয়ে আছে। উভয় পক্ষকে সেরা সমাধান খুঁজে বের করার চেষ্টা করতে হবে।” 

“এই পরিস্থিতির দায় আপনি শুধুমাত্র ক্লাবের ওপর দিতে পারবেন না। এটি উভয় পক্ষের ব্যাপার। দুই পক্ষের কারণেই এই অবস্থা। পরিস্থিতি এখন যেভাবে আছে, আমরা তা বদলাতে পারি না। যদি জানানোর কিছু থাকে, সেটা ক্লাব জানিয়ে দেবে।”