Published : 26 Oct 2022, 03:02 AM
যতটা সময় খেললেন, নিজের ছায়া হয়েই থাকলেন আর্লিং হলান্ড। বিরতির পর পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হলেন রিয়াদ মাহরেজ। একাধিক সুযোগ নষ্ট করল বরুশিয়া ডর্টমুন্ডও। ম্যানচেস্টার সিটির সঙ্গে ড্র করে অবশ্য চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর টিকেট পেয়ে গেল জার্মান দলটি।
সিগনাল ইদুনা পার্কে মঙ্গলবার রাতে ‘জি’ গ্রুপের ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে।
পুরানো খবর:
আগ্রাসী লাইপজিগে ধরাশায়ী রিয়ালপুরানো খবর:
মেসি-এমবাপে-নেইমার ঝলকে শেষ ষোলোয় পিএসজিআগেই নকআউট পর্বে ওঠা সিটির এই ড্রয়ে গ্রুপ সেরা হওয়া নিশ্চিত হয়ে গেছে।
দুই দলের প্রথম দেখায় গত মাসে ইতিহাদ স্টেডিয়ামে ২-১ গোলে জিতেছিল পেপ গুয়ার্দিওলার দল।
আসরে প্রথম তিন ম্যাচ জয়ের পর টানা দুটি ম্যাচে একই স্কোরলাইনে ড্র করল ইংলিশ চ্যাম্পিয়নরা।
ষোড়শ মিনিটে প্রথম উল্লেখযোগ্য সুযোগ পায় ডর্টমুন্ড। ডি-বক্সে ঢুকে গোলরক্ষক বরাবর শট নেন জার্মান স্ট্রাইকার করিম আদেইয়েমি। ২৫তম মিনিটে আরেকটি সুযোগ পেয়ে দুর্বল শট নেন তাদের উইঙ্গার জিওভানি রেইনা।
৩৬তম মিনিটে সুবর্ণ সুযোগ হাতছাড়া করেন স্বাগতিকদের ইউসুফা। ডান দিক থেকে সতীর্থের পাস ছয় গজ বক্সে ফাঁকায় পেয়ে বাইরে মারেন এই জার্মান ফরোয়ার্ড। বিরতির আগে গোলরক্ষক বরাবর শট করেন তিনি।
প্রথমার্ধে গোলের জন্য সিটির চার শটের একটিও লক্ষ্যে ছিল না। ডর্টমুন্ডের ছয় শটের চারটিই ছিল লক্ষ্যে।
মাঠে নামলেই গোল করা যার প্রায় নিয়মিত ঘটনা, সেই হলান্ড নিজের সাবেক ক্লাবের বিপক্ষে প্রথমার্ধে পুরো নিষ্প্রভ ছিলেন। দ্বিতীয়ার্ধের শুরুতে নরওয়ের এই তারকার জায়গায় বের্নার্দো সিলভাকে নামান গুয়ার্দিওলা।
৫৯তম মিনিটে মাহরেজের স্পট-কিক ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন গোলরক্ষক। আলজেরিয়ার এই মিডফিল্ডার নিজেই ফাউলের শিকার হলে পেনাল্টি পেয়েছিল সিটি।
আসরে টানা দ্বিতীয় ম্যাচে পেনাল্টি মিস করলেন মাহরেজ। আগের ম্যাচে এফসি কোপেনহেগেনের বিপক্ষেও তার শট ফিরিয়ে দিয়েছিলেন গোলরক্ষক।
৬৭তম মিনিটে আরেকটি সুযোগ পায় সিটি। এবার আর্জেন্টাইন ফরোয়ার্ড হুলিয়ান আলভারেসের শট ফিরিয়ে জাল অক্ষত রাখেন স্বাগতিক গোলরক্ষক।
বাকি সময়ে আর উল্লেখযোগ্য সুযোগ পায়নি কেউ।
পাঁচ ম্যাচে তিন জয় ও দুই ড্রয়ে সিটির ১১ পয়েন্ট। ৮ পয়েন্ট নিয়ে দুইয়ে ডর্টমুন্ড। ৫ পয়েন্ট নিয়ে তিনে আছে সেভিয়া। কোপেনহেগেনের ১ পয়েন্ট।
শেষ ষোলোয় চেলসি
ঘরের মাঠে রেড বুল সালসবুর্কের ৪০ ম্যাচের অপরাজেয় রেকর্ড যাত্রা থামিয়ে চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে উঠেছে চেলসি।
অস্ট্রিয়ান দলটির মাঠে মঙ্গলবার ‘ই’ গ্রুপের ম্যাচটি ২-১ গোলে জেতে ইংলিশ ক্লাবটি। তাদের হয়ে একটি করে গোল করেন কাই হাভার্টজ ও মাতেও কোভাসিচ।
পাঁচ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে আছে চেলসি। দিনামো জাগরেবকে ৪-০ গোলে হারানো এসি মিলান ৭ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে। তিন নম্বরে সালসবুর্কের ৬ পয়েন্ট, দিনামোর ৪।