স্বাধীনভাবে খেলতে দেওয়ায় আনচেলত্তির প্রতি কৃতজ্ঞ বেলিংহ্যাম
অবশ্য একটি বিষয়ে কোচকে হতাশ করার কথাও বলেছেন রেয়াল মাদ্রিদ মিডফিল্ডার।
রেয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর থেকে স্বপ্পের মতো সময় কাটছে জুড বেলিংহ্যামের। মিডফিল্ডার হয়েও গোলের পর গোল করেই যাচ্ছেন, অবদান রাখছেন সতীর্থদের গোলে। এজন্য তিনি কৃতিত্ব দিতে চান কার্লো আনচেলত্তিকে। বলেছেন, তাকে স্বাধীনভাবে খেলতে দিয়ে মূল কাজটা করেছেন কোচই।
চলতি মৌসুমে এরই মধ্যে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৫টি গোল ও ৪টি অ্যাসিস্ট করে ফেলেছেন ২০ বছর বয়সী বেলিংহ্যাম। সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো, তার খেলা দেখে বোঝার উপায় নেই যে, এই মৌসুমেই যোগ দিয়েছেন রেয়ালে। খুব দ্রুতই সেখানে মানিয়ে নিয়েছেন তিনি।
এই অল্প সময়ে রেয়ালের মাঝমাঠ তো বটেই, আক্রমণেও বড় ভরসা হয়ে উঠেছেন বেলিংহ্যাম৷ সেরা তরুণ ফুটবলার হিসেবে জিতেছেন ২০২৩ সালের ‘গোল্ডেন বয়’ পুরস্কার। ইউরোপের শীর্ষ লিগগুলোতে খেলা ২১ বছর বা এর চেয়ে কম বয়সীদের মধ্যে সেরা ফুটবলারকে এই পুরস্কার দেয় ইতালিয়ান সংবাদপত্র তুত্তোস্পোর্ত। তাদেরকেই সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে এই ইংলিশ তরুণ বলেন, সঠিক পজিশনে খেলতে পারায় সেরাটা দিতে পারছেন তিনি।
“আমি কাজের মাধ্যমে উন্নতি করার জন্য আমার প্রচেষ্টা এবং নিবেদনে সর্বোচ্চটা দেই, তবে কৃতিত্ব (কার্লো) আনচেলত্তির, যিনি আমার জন্য সঠিক পজিশন খুঁজে পেয়েছেন এবং আমাকে মাঠে আরও স্বাধীনতা দিয়েছেন।”
মাঠের পারফরম্যান্স দিয়ে আনচেলত্তিকে খুশি করলেও একটি জায়গায় তাকে হতাশ করেছেন বলে উল্লেখ করেছেন বেলিংহ্যাম। আর সেটা হলো ভাষাগত সমস্যা!
“আমি জানি যে একটি দিক থেকে তাকে হতাশ করছি... আমি এখনও স্প্যানিশ বলতে পারি না। দুঃখিত, কিন্তু আমি এই ভাষা নিয়ে অপ্রত্যাশিত সমস্যায় পড়ে আছি। আমি স্বীকার করছি, এটা আমার জন্য কঠিন। যাই হোক না কেন, আমি সর্বোচ্চ নিবেদন দেখানোর প্রতিশ্রুতি দিচ্ছি।”
