২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রিয়ালের প্রতিপক্ষ কাসেরেইনিয়ো, বার্সার সামনে ইন্টার সিটি

কোপা দেল রের শিরোপাধারী রিয়াল বেতিস প্রতিপক্ষ হিসেবে পেয়েছে ইবিসাকে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2022, 09:32 PM

Updated : 23 Dec 2022, 09:32 PM

কোপা দেল রেতে সহজ প্রতিপক্ষই পেয়েছে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। স্পেনের সফলতম দল রিয়াল মাদ্রিদ খেলবে সিপি কাসেরেইনিয়োর বিপক্ষে। টুর্নামেন্টের সফলতম দল বার্সেলোনার প্রতিপক্ষ ইন্টার সিটি। 

স্পেনের দ্বিতীয় শীর্ষ প্রতিযোগিতা কোপা দেল রের তৃতীয় রাউন্ডের ড্র হয়েছে শুক্রবার। 

শিরোপাধারী রিয়াল বেতিস প্রতিপক্ষ হিসেবে পেয়েছে ইবিসাকে। আর আতলেতিকো মাদ্রিদ খেলবে রিয়াল ওভিয়েদোর বিপক্ষে। লা লিগার আরেক দল ভালেন্সিয়ার প্রতিপক্ষ লা নুসিয়া। 

এই পর্বে লা লিগার দুই দলের দেখা হবে কেবল একটি ম্যাচে। বার্সোলোনায় মুখোমুখি হবে সেল্তা ভিগো ও এস্পানিওল। 

এক লেগের এই রাউন্ডের ম্যাচগুলো হবে ৩, ৪ ও ৫ জানুয়ারি। নির্দিষ্ট সময় ও তারিখ জানাবে স্প্যানিশ এফএ।