২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

প্রবাসী জায়ানকে ‘পরখ’ করতে চান কাবরেরা

হংকং চায়না ম্যাচের প্রাথমিক দলে ডাক পাওয়া ছয় খেলোয়াড়কে ছাড়েনি মোহামেডান।

প্রবাসী জায়ানকে ‘পরখ’ করতে চান কাবরেরা
জায়ান আহমেদ। ছবি: বাফুফে

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2025, 09:29 PM

Updated : 26 Aug 2026, 02:23 PM

ক্যাম্পে রিপোর্টিং সোমবার। মঙ্গলবার থেকে জাতীয় স্টেডিয়ামে হংকং চায়নার বিপক্ষে এশিয়ান কাপের বাছাইয়ের ম্যাচের প্রস্তুতিতে নেমে পড়বেন হাভিয়ের কাবরেরা। শুরু থেকেই তার নজর থাকবে যুক্তরাষ্ট্র প্রবাসী জায়ান আহমেদের দিকে। তরুণ এই ডিফেন্ডারকে তিনি ঠিকঠাক পরখ করে নিতে চান ক্যাম্পের অনুশীলনে।

২৮ জনের প্রাথমিক দলের কলেবর বেড়ে হয়েছে ২৯ জন। মোহামেডানের ডিফেন্ডার জাহিদ হোসেন শান্তকে ডেকেছেন কাবরেরা। এ পর্যন্ত ক্যাম্পে যোগ দিয়েছেন ২০ জন।

ক্যাম্প ঘিরে ক্লাবগুলোর খেলোয়াড় না ছাড়ার সেই পুরোনো অতীত ফিরে এসেছে আবারও। অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপের বাছাইয়ের সময় বসুন্ধরা কিংস তাদের খেলোয়াড় ছেড়েছিল দেরিতে। এবার সেই পথে হেঁটেছে মোহামেডান। প্রাথমিক দলে জায়গা পাওয়া ছয় জনকে তারা ছাড়েনি এখনও!

টিম ম্যানেজার আমের খান অবশ্য জানিয়েছেন, মোহামেডান তাদের ছয় খেলোয়াড় সুজন হোসেন, মেহেদী হাসান মিঠু, জাহিদ হোসেন শান্ত, শাকিল আহাদ তপু, রহমত মিয়া ও সুমন রেজাকে পরে ছাড়বে। তবে ক্যাম্পের স্বাভাবিক কার্যক্রম চলবে বলে জানান তিনি।

“মোহামেডান চিঠি দিয়েছে। তারা পরে ক্যাম্পে যোগ দেবে। এ মুহূর্তে ২০ জনের স্কোয়াড আছে। কালকে ফাহামিদুল ইসলাম আসবে। অনুশীলন হবে ঢাকার জাতীয় স্টেডিয়ামে। মোহামেডানের খেলোয়াড়রা যেহেতু আসেনি, তাই অনুশীলনের জন্য অন্য পরিকল্পনা হবে। এ সিদ্ধান্ত নেবে কোচরা।”

কোচ কাবরেরা ভাবনা পরিষ্কার। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে প্রাপ্য ফল না পাওয়ার হতাশা এখনও ভোলেননি তিনি। অক্টোবরে ৯ ও ১৪ তারিখের ম্যাচে ভালো কিছু পাওয়ার আশা নিয়ে আঁটঘাট বেঁধে প্রস্তুতি নিতে চান এই স্প্যানিশ কোচ।

“সিঙ্গাপুরের বিপক্ষে সুযোগ আমরা কাজে লাগাতে পারিনি। আমার মনে হয় আমাদের প্রাপ্যটা আরও বেশি ছিল। কিন্তু বাস্তবতা হলো আমরা কোনো পয়েন্ট পাইনি। ঘরের মাঠে সমর্থকদের সামনে এখন আমাদের হাতে আরেকটা সুযোগ আছে। শুধু এটুকুই নয়, এক মাসের মধ্যে আমাদের আবার হংকং চায়না ও ভারতের বিপক্ষে ম্যাচ আছে। খুব রোমাঞ্চকর দুটি ম্যাচ। তবে এখন একটা জয় আমাদের বড় সুযোগ এনে দেবে।”

বড় সুযোগ কাজে লাগাতে কাবরেরার ভরসার জায়গা হামজা চৌধুরী, শোমিত সোম, ফাহামিদুল ইসলামদের মতো প্রবাসীরা। এই তালিকায় এবার যোগ হয়েছে জায়ান। ২১ বছর বয়সী এই ডিফেন্ডারকে তিনি পরখ করে নিতে চান ক্যাম্পে। কথা বললেন ক্যাম্পে ডাক না পাওয়া কিউবা মিচেলকে নিয়েও।

“জায়ানের প্রোফাইলটা (সার্মথ্য) আমরা দেখতে চাই। আমি নিজে দেখতে চাই জাতীয় দলের সঙ্গে কেমন করে সে। অনূর্ধ্ব-২৩ দলের হয়ে ভালো পারফরম্যান্স করেছে। এমন একটি পজিশনে খেলে, যেখানে আমরা বিশ্বাস করি, সে আমাদের বাড়তি কিছু দিতে পারবে। তাই স্কোয়াড নিয়ে আমি ইতিবাচক। হামজা ৬ অক্টোবর যোগ দেবে। শোমিত ৭ তারিখে, কিছুটা দেরিতে। তবে আমাদের কাছে এখনো বড় ম্যাচগুলোর প্রস্তুতির জন্য যথেষ্ট সময় আছে। সেন্টার-ব্যাক পজিশনে আমাদের কিছু সমস্যা আছে। এজন্য আমরা একজন অতিরিক্ত সেন্টার-ব্যাককে (শান্ত) ডাকতে চেয়েছি।”

“কিউবার প্রতিভা ও সামর্থ্য নিয়ে আমি ইতিবাচক। তবে ওর আরও কিছুটা সময় দরকার। অনূর্ধ্ব-২৩ দলে যেমন বেশি খেলার সুযোগ পায়নি। সে এখনও মানিয়ে নেওয়ার প্রক্রিয়ায় আছে। তার সঙ্গে যোগাযোগ রেখেছি। ভবিষ্যতের জন্য আমরা ওকে নিয়ে ইতিবাচক। আপাতত এটা (তার না থাকা) বড় কোনো সমস্যা নয়।”

প্রাথমিক দলে ঠাঁই মেলেনি ইসা ফয়সালেরও। ২৬ বছর বয়সী এই ডিফেন্ডার গত কয়েক বছর ধরেই রক্ষণের নির্ভরযোগ্যদের একজন। ইসার প্রশংসা করে কাবরেরা ফের বললেন জায়ানকে বাজিয়ে দেখার কথা। মোহামেডানের খেলোয়াড়দের অনুপস্থিতি যে অনাকাঙিক্ষত, ভোলেননি সেটা বলতেও।

“সত্যি বলতে, আমরা আশা করিনি যে মোহামেডানের খেলোয়াড়েরা থাকবে না। তবে সেপ্টেম্বরেও এমনটা ঘটেছিল। তখনও আমরা সামলেছি। আশা করি শিগগিরই সবকিছু সমাধান হবে। সবাইকে একই জায়গায় খেলার সুযোগ করে দেওয়া যায় না। আমরা যাচাই করতে চেয়েছি। ইসাকে ভালো করে চিনি, জানি সে কী করতে পারে। জাতীয় দলের হয়ে তার প্রচেষ্টাকে আমরা খুবই গুরুত্ব দিই। সে সবসময় গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছিল, এই দলের অংশও। তবে এখন আমরা জায়ানকে দেখতে চাই।”

“অনূর্ধ্ব-২৩ দলের কয়েকটা সেশনে আমি জায়ানের সঙ্গে কাজ করেছি। ওর সম্ভাবনা আছে। পেশাদার ফুটবলে হয়তো অভিজ্ঞতার ঘাটতি আছে। কিন্তু আমার মনে হয়, জাতীয় দলের সঙ্গে, সিনিয়রদের সঙ্গে অনুশীলন করলেই ওর কাছ থেকে আরও বেশি চাওয়া যাবে। কিছু সময় দিলে, আমার বিশ্বাস, ও গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে উঠবে।