বিরতির সময় এমবাপেদের ‘কড়া কথা’ শুনিয়েছিলেন দেশম
ম্যাচ শেষের প্রতিক্রিয়ায় জোড়া গোল করা কিলিয়ান এমবাপেকেও প্রশংসায় ভাসিয়েছেন ফ্রান্স কোচ।
সেনেগাল ম্যাচে বিবর্ণ প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে কী এমন হলো যে, ফ্রান্স জেগে উঠল আড়মোড়া ভেঙে? আফ্রিকার দলটিকে একরকম উড়িয়েই দিল! ফ্রান্স কোচ দিদিয়ে দেশম শোনালেন নেপথ্যের কাহিনী। এমবাপে-দেম্বেলেদের তাতিয়ে দিতে নাকি বিরতির সময় শুনিয়েছিলেন কড়া কথা!
ম্যাচের ৩-১ স্কোরলাইনও দেখাচ্ছে, দেশমের টোটকায় কাজ হয়েছে। মেটলাইফ স্টেডিয়ামে সেনেগালকে হারিয়ে উত্তর আমেরিকা বিশ্বকাপ শুরুর পর ফ্রান্স কোচ বললেন, খেলোয়াড়দের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তার। নিজের চাওয়াগুলো তিনি বলে দিতে পারেন চিৎকার-চেচামেচি না করেই।
“আমি আমার খেলোয়াড়দের সাথে খোলাখুলি কথা বলি। প্রথমার্ধে আমরা সেরা ছিলাম না। অনেক জায়গায় আমরা আরও ভালো করতে পারতাম। আমি চিৎকার-চেচামেচি করি না, কিন্তু আমার ভাবনাগুলো তাদের জানিয়ে দিই, এরপর তাদেরকেই সঠিক সিদ্ধান্ত নিতে হয়।”
সেনেগালের বিপক্ষে প্রথমার্ধে যেন ঘুমিয়ে ছিল ফ্রান্স। ভাগ্য ভালো যে, সেনেগালের ইসমাইলা সার দারুণ সুযোগটি নষ্ট করেছিলেন, তা না হলে গোলশূন্য ড্র নিয়ে বিরতিতে যাওয়া হয়তো হতো না ফরাসিদের।
দ্বিতীয়ার্ধে আমূল বদলে যায় ফ্রান্স। ফিরে স্বরূপে। কদিন ধরে সমালোচনার মুখে থাকা কিলিয়ান এমবাপে জোড়া গোল করেন। মাঝে, বদলি নেমে জালের দেখা পান ব্র্যাডলি বার্কোলা। বিশ্বকাপে তৃতীয় সর্বোচ্চ গোলদাতা কিংবদন্তি জার্ড মুলারের ১৪ গোলের পাশে বসা এমবাপেকে আলাদাভাবে প্রশংসাও করলেন দেশম।
“মানুষ এখনও তার সমালোচনা করবে, কিন্তু সে একজন আইকনিক খেলোয়াড়। আমি এটা সবসময়ই বলে এসেছি। স্রেফ একটা পদক্ষেপে সে খেলার মোড় ঘুরিয়ে দিতে এবং দলকে জয় এনে দিতে সক্ষম।”
রক্ষণে এমবাপে তেমন কোনো ভূমিকা রাখে না- এমন কিছু নিয়েও সমালোচকরা আলোচনা করে। দেশমের যা একদমই পছন্দ নয়।
“এখানে সে রক্ষণ সামলাতে আসেনি। যদি সে প্রথমার্ধে মিস করে এবং দ্বিতীয়ার্ধে জোড়া গোল করতে চায়, তাহলে, আমার কোনো আপত্তি নেই।”
ফিলাডেলফিয়ায় আগামী সোমবার বাংলাদেশ সময় রাত ৩টায় নিজেদের দ্বিতীয় ম্যাচে ইরাকের মুখোমুখি হবে ফ্রান্স। নরওয়ের বিপক্ষে ৪-১ গোলে হেরে ‘আই’ গ্রুপ শুরু করেছে ইরাকিরা।
