সিটির বিপক্ষে রোমাঞ্চকর ম্যাচের অপেক্ষায় রেয়াল কোচ
আলভারো আরবেলোয়া মনে করছেন, ম্যানচেস্টার সিটির উঁচু মানের জন্য লড়াইটা উপভোগ করবেন রেয়াল মাদ্রিদ ভক্তরা।
চ্যাম্পিয়ন্স লিগে কতটা কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে, ভালো করেই জানেন আলভারো আরবেলোয়া। সেই লড়াইয়ের জন্য পরিকল্পনা সাজাচ্ছেন ও প্রস্তুত হচ্ছেন রেয়াল মাদ্রিদ কোচ। তার বিশ্বাস, প্রতিপক্ষ দারুণ মানসম্পন্ন দল হওয়ায় এই দ্বৈরথ উপভোগ করবেন সমর্থকরা।
এই মুহূর্তে অবশ্য লা লিগা নিয়ে ব্যস্ত রেয়াল। সোমবার গেতাফের বিপক্ষে খেলবে ইউরোপের সফলতম দলটি। এর আগের দিন সংবাদ সম্মেলনে আগামী সপ্তাহে অনুষ্ঠেয় সিটির বিপক্ষে লড়াই নিয়েও কথা বললেন কোচ আরবেলোয়া।
“দুটি অসাধারণ ক্লাবের মধ্যে রোমাঞ্চকর ম্যাচ হবে। প্রতিপক্ষের মানের জন্য রেয়াল মাদ্রিদ ভক্তরা এই লড়াই উপভোগ করবে। সামনে যে চ্যালেঞ্জ অপেক্ষা করছে সেটা সম্পর্ক জানা থাকায়, যখন সময় আসবে, আমরা পুরোপুরি প্রস্তুত থাকব।”
চ্যাম্পিয়ন্স লিগে এবার প্রথম পর্বেও একবার দেখা হয়েছিল এই দুই দলের। গত ডিসেম্বরে রেয়ালের মাঠে ম্যাচটি ২-১ গোলে জিতেছিল গুয়ার্দিওলার দল।
২০২১-২২ মৌসুম থেকে প্রতিবার নকআউট পর্বে দেখা হচ্ছে তাদের। চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে প্রথমবার টানা পাঁচ মৌসুমে নির্দিষ্ট দুটি দল নকআউটে মুখোমুখি হতে যাচ্ছে।
চ্যাম্পিয়ন্স লিগে মুখোমুখি লড়াইয়ে রেয়াল ও সিটি দুই দলই এখন পর্যন্ত সমানে সমান। মোট ১৫ বারের দেখায় দুই দলেরই জয় পাঁচটি করে, বাকি পাঁচটি ড্র হয়েছে।
