২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘স্পেশাল’ মেসির পাশে খেলা ‘মিস করেন’ এমবাপে

লিওনেল মেসির সঙ্গে খেললে বল পাওয়ার ‘নিশ্চয়তা’ থাকে বলে মনে করেন ফরাসি ফরোয়ার্ড।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2024, 07:52 PM

Updated : 04 Jan 2024, 07:51 PM

পিএসজিতে দুই বছর কাঁধে কাঁধ মিলিয়ে খেলেছেন লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপে। একে অন্যের গোলে রেখেছেন অবদান। তৈরি হয়েছে অনেক সুখস্মৃতি। দুজনের পথ আবার দুই দিকে বেঁকে গেছে মাস ছয়েক হয়ে গেছে। তবে এখনও আর্জেন্টাইন মহাতারকার সঙ্গে খেলতে না পারার অভাব বোধ করেন এমবাপে।

২০১৭ সালের মাঝামাঝি থেকে পিএসজিতে খেলছেন এমবাপে। বার্সেলোনা ছেড়ে ২০২১ সালের অগাস্টে ফরাসি ক্লাবটিতে যোগ দেন মেসি। প্যারিসে ২০২৩ সালের জুন পর্যন্ত আর্জেন্টাইন তারকার সঙ্গে খেলেন এমবাপে। মেসি এরপর যোগ দেন ইন্টার মায়ামিতে।

পিএসজিতে দুজনে একসঙ্গে মাঠে থেকেছেন ৬৭ ম্যাচে। এমবাপের অ্যাসিস্ট থেকে মেসি করেছেন ১৪ গোল। এমবাপের ২০ গোলে অবদান রেখেছেন মেসি। এই সময়ে তারা জিতেছেন দুটি লিগ আঁ ও একটি ফরাসি সুপার কাপ শিরোপা।

তুলুজকে হারিয়ে বুধবার টানা দ্বিতীয়বারের মতো ফরাসি সুপার কাপ জেতে পিএসজি। দলের ২-০ ব্যবধানের জয়ে দ্বিতীয় গোলটি করা এমবাপে ম্যাচের পর অ্যামাজন প্রাইমের সঙ্গে আলাপচারিতায় কথা বলেন মেসির সঙ্গে খেলা নিয়ে। 

“লিও মেসির সঙ্গে খেলা অবশ্যই এমন কিছু, যা আমি অনেক মিস করি। আমার মতো একজন স্ট্রাইকার, যারা জায়গা করে আক্রমণে ওঠে, মেসি থাকলে এই নিশ্চয়তাটুকু থাকে যে সে বল পাবে। বলতে গেলে, তিনিই কেবল এটি পারেন। মেসির সঙ্গে খেলা সত্যিই বিশেষ কিছু ছিল।”