২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

ইতালির আঙিনায় দুর্দান্তভাবে ঘুরে দাঁড়াল বেলজিয়াম

২৪ মিনিটের মধ্যে দুই গোলে এগিয়ে গিয়ে পরে খেই হারিয়ে ফেলে ইতালি, দ্বিতীয়ার্ধে একজন কম নিয়ে শেষ পর্যন্ত কোনোমতে ড্র করেছে তারা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2024, 06:04 PM

Updated : 10 Sep 2026, 12:20 PM

ম্যাচ শুরু হতেই বেলজিয়ামের জালে বল। ২৩ মিনিট পর আরেক গোল করে জয়ের দারুণ সম্ভাবনা জাগায় ইতালি। কিন্তু, বিরতির আগে হঠাৎ করেই ম্যাচের মোড় ঘুরে যায়। আর এক জন কম নিয়ে দ্বিতীয়ার্ধে তো তেমন লড়াই-ই করতে পারেনি তারা। ঘুরে দাঁড়িয়ে বেলজিয়াম পাল্টা জয়ের সম্ভাবনা জাগালেও, শেষ পর্যন্ত তারাও পারেনি ব্যবধান গড়ে দিতে।

রোমের স্তাদিও অলিম্পিকোয় বৃহস্পতিবার রাতে নেশন্স লিগের রোমাঞ্চ ছড়ানো ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে। 

আন্দ্রেয়া কাম্বিয়াসো স্বাগতিকদের এগিয়ে নেওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন মাতেও রেতেগি। প্রথমার্ধের শেষ দিকে লরেন্সো পেল্লেগ্রিনি লাল কার্ড দেখলে খেলার দিক বদলে যায়। ওই ফ্রি কিকের ফলশ্রুতিতেই মাক্সিম দে কাওপারের গোলে লড়াইয়ে ফেরে বেলজিয়াম। পরে সমতা টানেন লেয়ান্দ্রো ত্রোসার। 

গত মাসে ফ্রান্সের বিপক্ষে হারের ম্যাচে দলের যাচ্ছেতাই পারফরম্যান্সের কড়া সমালোচনা করেছিলেন কেভিন ডে ব্রুইনে। এবার চোটের কারণে তিনি দলেই নেই। নিয়মিত অধিনায়ককে ছাড়া এখানে লড়াই শুরু হতেই গোল খেয়ে বসে বেলজিয়াম।

প্রথম মিনিটে প্রতিপক্ষের থেকে বল কেড়ে নিয়ে আক্রমণ শাণায় ইতালি। বাঁ দিক থেকে সতীর্থের বাড়ানো ক্রস বক্সে পেয়ে, ডিফেন্ডারের বাধা এড়িয়ে শট নেন কাম্বিয়াসো। কোনোমতে গোলরক্ষক পা দিয়ে রুখে দিলেও বিপদ কাটেনি, দ্বিতীয় প্রচেষ্টায় ছোট্ট টোকায় দলকে এগিয়ে নেন ইউভেন্তুস ডিফেন্ডার।

নিজেদের খুঁজে ফেরা বেলজিয়ানদের ওপর চাপ ধরে রেখে ২৪তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে ইতালি। এখানেও জড়িয়ে কাম্বিয়াসোর নাম। তার কোনাকুনি শট ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন কোয়েন কাস্তেলস, কিন্তু এবারও দলকে বিপদমুক্ত করতে পারেননি তিনি। আলগা বল ছয় গজ বক্সে পেয়ে সহজেই জালে পাঠান রেতেগি।

বিরতির মিনিট পাঁচেক আগে আচমকাই চিত্রপটে পরিবর্তন। পরপর দুটি ধাক্কা খায় ইতালি। বেলজিয়ান ডিফেন্ডার আর্থারকে মারাত্মক ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন ইতালিয়ান মিডফিল্ডার পেল্লেগ্রিনি। ওই ফ্রি কিকে সতীর্থের পা ঘুরে বল পেয়ে বক্সের মুখ থেকে বাঁকানো শটে ব্যবধান কমান ক্লাব ব্রুজের ডিফেন্ডার মাক্সিম দে কাওপার।

দ্বিতীয়ার্ধে একটু একটু করে পাল্টা চাপ বাড়ানো বেলজিয়াম ৬১তম মিনিটে সমতা টানে। কর্নারের পর সতীর্থের হেডে বাড়ানো বল গোলমুখে পেয়ে ভলিতে গোলটি করেন আর্সেনাল ফরোয়ার্ড ত্রোসার।

বাকি সময়ে ইতালি পাল্টা জবাব দেওয়ার মরিয়া চেষ্টা করবে কী, বেশিরভাগ সময় দ্বিতীয় সেরা দল হয়েই থাকে তারা। বেলজিয়ামও আর পারেনি প্রতিপক্ষের চেয়ে এক জন বেশি নিয়ে খেলার সুবিধা কাজে লাগাতে।

ঘরের মাঠে পয়েন্ট হারালেও ‘এ’ লিগের ২ নম্বর গ্রুপের শীর্ষস্থান ধরে রেখেছে ইতালি, তিন ম্যাচে তাদের পয়েন্ট ৭। 

আরেক ম্যাচে ইসরায়েলকে ৪-১ গোলে হারিয়ে ৬ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে ফ্রান্স। আর ৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে বেলজিয়াম।

তিন ম্যাচে বেলজিয়ামের পয়েন্ট শূন্য। 

২৪ বছর বয়সেই দেশের রেকর্ড গোলদাতা হলান্ড

ওয়েম্বলিতে ইংল্যান্ডকে স্তব্ধ করে গ্রিসের স্মরণীয় জয়

ইসরায়েলের জালে ফ্রান্সের ৪ গোল