হংকংয়ের বিপক্ষে ফিরতি লেগে শুরুর একাদশে জায়ান, শোমিত
চোট কাটিয়ে ওঠা অভিজ্ঞ ডিফেন্ডার তপু বর্মনকেও হংকং চায়নার বিপক্ষে ফিরতি লেগের ম্যাচে শুরুর একাদশে রেখেছেন বাংলাদেশ কোচ।
হংকং চায়নার বিপক্ষে ফিরতি লেগের শুরুর একাদশে পরিবর্তন এনেছেন হাভিয়ের কাবরেরা। প্রথম লেগে দ্বিতীয়ার্ধে বদলি নামা জায়ান আহমেদ ও শোমিত সোমকে সেরা একাদশে জায়গা দিয়েছেন বাংলাদেশ কোচ। চোট কাটিয়ে ওঠা অভিজ্ঞ ডিফেন্ডার তপু বর্মনকেও শুরু থেকে রক্ষণ সামলানোর দায়িত্বে ফিরিয়েছেন তিনি।
এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডের দ্বিতীয় লেগের ম্যাচে মঙ্গলবার মুখোমুখি হবে বাংলাদেশ ও হংকং। কাই তাক স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে ম্যাচটি।
প্রথম লেগে ঘরের মাঠ জাতীয় স্টেডিয়ামে হংকংয়ের কাছে ৪-৩ গোলে হেরেছিল বাংলাদেশ। ওই ম্যাচে জায়ান ও শোমিতকে বেঞ্চে রেখে শুরু করেছিল দল। হারের পর প্রতিক্রিয়া দিতে এসে কাবরেরা এই দুই প্রবাসীর বদলি খেলানোর কারণে পড়েছিলেন প্রশ্নের মুখে।
গত বৃহস্পতিবারের ম্যাচে বদলি নেমে রক্ষণে আলো ছড়িয়েছিলেন যুক্তরাষ্ট্র প্রবাসী ডিফেন্ডার জায়ান। শেষ দিকে বাংলাদেশকে ৩-৩ সমতায় ফেরানো গোলটি করেছিলেন কানাডা প্রবাসী মিডফিল্ডার শোমিত। এই দুজনকে এবার শুরুর একাদশে রেখে ছক কষেছেন কাবরেরা।
রক্ষণের দৃঢ়তা বাড়াতে পাঁচ ডিফেন্ডার নিয়ে শুরুর একাদশ সাজিয়েছেন কোচ। জায়ান, তপু, শাকিল আহাদ তপু, কাজী তারিক রায়হান ও সাদ উদ্দিনের কাঁধে উঠবে রক্ষণ আগলে রাখার দায়িত্ব। মাঝমাঠে হামজা চৌধুরীর সাথে থাকছেন শেখ মোরসালিন, শোমিত ও সোহেল রানা সিনিয়র। আক্রমণভাগে দায়িত্বে আছেন রাকিব হোসেন।
পোস্টে কাবরেরা এ ম্যাচেও ভরসা রাখলেন মিতুল মারমার উপর।
প্রথম লেগের সেরা একাদশ থেকে বাদ পড়েছেন ফয়সাল আহমেদ ফাহিম ও সোহেল রানা জুনিয়র।
‘সি’ গ্রুপের টেবিলে এ মুহূর্তে ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে হংকং। দ্বিতীয় স্থানে থাকা সিঙ্গাপুরের পয়েন্ট ৫। তৃতীয় স্থানে ভারত আছে ২ পয়েন্ট নিয়ে। টেবিলের তলানিতে থাকা বাংলাদেশের পয়েন্ট ১। বাছাই পেরুনোর আশা বাঁচিয়ে রাখতে হংকংয়ের বিপক্ষে জয় বড্ড প্রয়োজন কাবরেরার দলের।
