ইনফান্তিনোর সংস্কার প্রস্তাব নিয়েও সংশয় ও প্রশ্ন, গভীর সংস্কারের দাবি
ফিফার সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া নিয়ে স্বাধীন পর্যালোচনার প্রস্তাব দিয়েও বিভিন্ন ফেডারেশনের আস্থা অর্জন করতে পারছেন না জিয়ান্নি ইনফান্তিনো।
ফিফার সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া নিয়ে স্বাধীন পর্যালোচনার যে প্রস্তাব দিয়েছেন সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো, সেটি ধোপে টিকছে না খুব একটা। বেশ কয়েকটি সদস্য সংস্থার উদ্বেগ প্রশমিত করতে ব্যর্থ হয়েছে প্রস্তাবটি। জার্মানি, নেদারল্যান্ডস, সুইডেন এবং ওয়েলসের ফুটবল কর্মকর্তারা বলছেন, এই সংস্কার নেতৃত্বের গভীরতর সমস্যাগুলোর সমাধান করবে না।
বার্তা সংস্থা রয়টার্সের দেখা সোমবারের এক চিঠিতে ২১১টি সদস্য সংস্থাকে ফিফার সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার স্বাধীন পর্যালোচনার পাশাপাশি প্রশাসনিক সংস্কার নিয়ে আলোচনার প্রস্তাব দিয়েছেন ইনফান্তিনো। বিশ্বকাপের স্বত্বসহ ফিফার বাণিজ্যিক কার্যক্রমের ২০ শতাংশ অংশীদারিত্ব বিক্রির প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর তীব্র প্রতিক্রিয়ার জের ধরে তিনি এই প্রস্তাব দেন।
আপসমূলক সুর ধরে ইনফান্তিনো আরও বলেন, তিনি ফিফার সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াকে শক্তিশালী করার বিষয়ে কনফেডারেশন, সদস্য সংস্থা এবং অন্যান্য অংশীদারদের সাথে আলোচনার প্রস্তাব দেবেন।
মহাদেশীয় কনফেডারেশনগুলোর তীব্র বিরোধিতার পর গত জুলাইয়ে ফিফার বাণিজ্যিক স্বত্বের একটি অংশ বিক্রির প্রস্তাবটি বাতিল করা হয়। উয়েফা, এশিয়ান ফুটবল কনফেডারেশন এবং কনক্যাকাফ অভিযোগ করে যে, ফিফা যথাযথ আলোচনা ছাড়াই এই পরিকল্পনাটি এগিয়ে নিয়েছিল।
এরপর থেকে ইনফান্তিনো তীব্র সমালোচনার মুখে পড়েছেন এবং ইউরোপীয় সংস্থাটি বর্তমান সভাপতির ওপর থেকে তাদের আস্থা হারানোর কথা জানিয়েছে।
ইনফান্তিনো চিঠিতে আরও বলেন যে, বিভিন্ন প্রস্তাব বা প্রশাসনিক বিষয়ে সদস্য সংস্থাগুলোর অবস্থান ফিফার আচরণকে প্রভাবিত করবে না। ফিফার উন্নয়ন ও সংহতি কর্মসূচিগুলো বিদ্যমান নিয়ম অনুযায়ীই চলতে থাকবে।
আগামী বছরের মার্চ মাসে পুনর্নির্বাচনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন ইনফান্তিনো। তার প্রতিপক্ষরা অবশ্য তাকে চ্যালেঞ্জ করার মতো একজন প্রার্থী খুঁজে পেতে হিমশিম খাচ্ছেন এখনও। এই আলোচনা সম্পর্কে অবগত ব্যক্তিরা এই মাসে রয়টার্সকে জানিয়েছেন যে, আরও একটি মেয়াদ জেতার জন্য ইনফান্তিনোর এখনও যথেষ্ট সমর্থন রয়েছে বলে মনে হচ্ছে।
সংস্কার প্রস্তাব সমালোচকদের মন জয় করতে ব্যর্থ
ফিফা কাউন্সিলের সদস্য এবং জার্মানির ফুটবল অ্যাসোসিয়েনের সভাপতি বার্নড নয়েনডফ মঙ্গলবার বলেন, ইনফান্তিনোর এই চিঠি আসলে তার আরও একটি মেয়াদে ক্ষমতায় থাকার চাল।
“জিয়ানি ইনফান্তিনোর চিঠিটিকে আমি দেখছি আগামী বছর তার পুনঃনির্বাচন নিশ্চিত করার একটি স্বচ্ছ কৌশল হিসেবে। এখন মনে হচ্ছে, ফিফা স্বীকার করেছে যে, পরিবর্তন অপরিহার্য। তবে সংস্কার প্রক্রিয়ার নেতৃত্ব দেওয়ার জন্য ইনফান্তিনো একেবারেই উপযুক্ত ব্যক্তি নন। তিনি তার সমস্ত বিশ্বাসযোগ্যতা নষ্ট করেছেন।”
ডাচ ফুটবল অ্যাসোসিয়েশন এই উদ্বেগের প্রতিধ্বনি তুলে বলেছে যে, প্রস্তাবগুলোতে তাদের পূর্বে আহ্বান জানানো কিছু উপাদান থাকা সত্ত্বেও তা আস্থা পুনরুদ্ধার করতে পারেনি।
ফিফার প্রতিষ্ঠাতা সদস্য এই অ্যাসোসিয়েশন গত মাসে ফিফাকে ঢেলে সাজানোর লক্ষ্যে আমস্টারডামে একটি আন্তর্জাতিক শীর্ষ সম্মেলন আয়োজনের প্রস্তাব দিয়েছে এবং ২০২৭ সালের মধ্যে ইনফান্তিনোকে বদলানোর আহ্বান জানিয়েছে।
ডাচ সংবাদ সংস্থা এএনপিকে ডাচ ফুটবল অ্যাসোসিয়েশনের একজন মুখপাত্র বলেন, “প্রস্তাবিত পদক্ষেপগুলো ফিফার অভ্যন্তরে সংস্কারের জন্য আমাদের আহ্বানের সাথে আংশিকভাবে সামঞ্জস্যপূর্ণ। বাস্তবে তা ঘটছে কিনা, তা কার্যক্ষেত্রেই স্পষ্ট হবে। একই সঙ্গে, এই প্রস্তাবগুলোকে (জনসাধারণের) চাপ থেকে বিচ্ছিন্নভাবে দেখা যায় না, এবং বর্তমান পরিস্থিতি ছাড়া এগুলো সামনে আসত না।”
নতুন নেতৃত্বের আহ্বান
সুইডিশ ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি সাইমন অ্যাস্ট্রম প্রস্তাবটির কিছু অংশকে স্বাগত জানালেও বলেন, এটি প্রয়োজনীয় বৃহত্তর সংস্কারের তুলনায় অপর্যাপ্ত।
“চিঠির বিষয়বস্তু আমরা দীর্ঘ সময় ধরে যা দাবি করে আসছি তার সাথে সামঞ্জস্যপূর্ণ। এই উদ্যোগগুলো দেরিতে এসেছে এবং এর বেশ কয়েকটি পদক্ষেপ অনেক আগেই বাস্তবায়ন করা উচিত ছিল।”
অ্যাস্ট্রম আরও বলেন যে, ফিফার নতুন নেতৃত্বের প্রয়োজন—এই ব্যাপারে সুইডেনের দৃষ্টিভঙ্গিতে চিঠিটির কোনো পরিবর্তন হয়নি।
ফুটবল অ্যাসোসিয়েশন অফ ওয়েলসের প্রধান নির্বাহী নোয়েল মুনিও চিঠিটিকে একটি বড় সংস্কার প্যাকেজ হিসেবে আখ্যায়িত করার বিষয়ে প্রশ্ন তুলেছেন।
“এতে আসলে ফিফার স্বয়ং সংস্কারের কথা বলা হয়নি। এতে কৌশলগত প্রকল্প এবং উদ্যোগকে কেন্দ্র করে সংস্কারের কথা বলা হয়েছে।”
পরিত্যক্ত বেসরকারি বিনিয়োগ পরিকল্পনার প্রতি বিরোধিতার পুনরাবৃত্তি করে মুনি বলেন, ফিফার উচিত বাইরের বিনিয়োগকারী খোঁজার পরিবর্তে সদস্য সংগঠনগুলোকে সমর্থন করার জন্য তার বিদ্যমান আর্থিক সম্পদ ব্যবহার করা।
“এমন কাউকে নিশ্চয়ই খুঁজছেন না, যে কিনা খেলার অংশবিশেষ বিক্রি করে দেবে। বিশ্বকাপের জন্য বেসরকারি মূলধনের প্রয়োজন নেই।”
