২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফুটবলের ভালোর জন্য ‘সঠিক সবকিছু’ করার প্রতিশ্রুতি ইনফান্তিনোর

কোনো কূটকৌশল নয়, বরং ফুটবলের সত্যিকারের উপকারের জন্যই সংস্কারের প্রস্তাব দিয়েছেন বলে দাবি করলেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 25 Sep 2026, 10:41 AM

Updated : 25 Sep 2026, 10:41 AM

অব্যাহত সমালোচনার মুখে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো আবার বলেছেন যে, সংস্থাটির সংস্কার নিয়ে সদস্য দেশগুলোর সঙ্গে আলোচনা করতে প্রস্তুত। পাশাপাশি এটাও বলেছেন, খেলাটির জন্য যা কিছু ভালো মনে করেন, সব করতে তিনি প্রতিশ্রুতিবদ্ধ।

গত কয়েক মাস ধরে তুমুল সমালোচনার মধ্যে থাকা ইনফান্তিনো বৃহস্পতিবার সামাজিক মাধ্যমে এসব কথা বলেন।

বিশ্বজুড়ে বেশ কয়েকটি শীর্ষ জাতীয় ফেডারেশন এবং নিয়ন্ত্রক সংস্থার রোষানলে পড়েছেন ইনফান্তিনো, যার মধ্যে রয়েছে উয়েফা, এএফসি এবং কনক্যাকাফ।

বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্বের ২০ শতাংশ বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রি করার একটি পরিত্যক্ত পরিকল্পনার মাধ্যমে সদস্য দেশগুলোর তোপের মুখে পড়েন ২০১৬ সালের ফেব্রুয়ারি থেকে ফিফার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করা ইনফান্তিনো। এই চুক্তিটির মূল্য আনুমানিক ৪.২ বিলিয়ন ডলার হতে পারত, যার ফলে উয়েফা এবং কনক্যাকাফসহ অন্যান্যরা ইনফান্তিনোকে অপসারণের আহ্বান জানায়।

সর্বশেষ ঘটনাটি ঘটে গত সপ্তাহে, ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন যখন ইনফান্তিনোকে বিশ্বকাপের জন্য বেসরকারি বিনিয়োগকারী আনার পরিকল্পনা এবং এবারের বিশ্বকাপে মার্কিন স্ট্রাইকার ফোলারাইন বালোগনের লাল কার্ড বাতিল করার বিতর্কিত সিদ্ধান্ত সম্পর্কিত সমস্ত নথি প্রকাশ করতে বলে।

বর্তমানে সৌদি আরবে অনুষ্ঠিত অ্যারাবিয়ান গালফ কাপ টুর্নামেন্টে থাকা ইনফান্তিনো আয়োজক দেশের প্রশংসা করেন এবং ফিফা কাউন্সিল ও সদস্য দেশগুলোকে পাঠানো তার একটি চিঠির কথা উল্লেখ করেন, যেখানে তিনি সংস্কার নিয়ে আলোচনার প্রস্তাব দিয়েছিলেন।

ইনস্টাগ্রামে চিঠিটির প্রতিক্রিয়ায় তিনি ‘ইতিবাচক বার্তা’ পেয়েছেন উল্লেখ করে ইনফান্তিনো খোলামেলা যোগাযোগের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

“আগামী মাসে আমাদের ফিফা কাউন্সিলের বৈঠক আছে, তাই আমরা এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা চালিয়ে যাব। আলোচনার একটি সংস্কৃতি থাকতে হবে, যেখানে পরস্পরের কথা শুনতে হবে এবং একে অপরকে সম্মান করতে হবে।”

কয়েকদিন আগে ইনফান্তিনো সংস্কার প্রস্তাব দেওয়ার পর শুরু মনে করা হয়েছিল, পুনরায় অনেকে সদস্য সংস্থার আস্থা পেতে পারেন তিনি। কিন্তু হয়েছে উল্টো। জার্মানি, নেদারল্যান্ডস, সুইডেন এবং ওয়েলসের ফুটবল কর্মকর্তারা বলছেন, এই সংস্কার প্রস্তাব ফিফার নেতৃত্বের গভীরতর সমস্যাগুলোর সমাধান করবে না। জার্মানির ফুটবল অ্যাসোসিয়েনের সভাপতি বার্নড নয়েনডফ তো সরাসরিই বলেছেন, আগামী মার্চের নির্বাচনে জিততে এখন কৌশল হিসেবে সংস্কারের কথা বলছেন ইনফান্তিনো।

ইনফান্তিনো অবশ্য সামাজিক মাধ্যমের বার্তায় দাবি করলেন, ফুটবলের ভালোর জন্য মন থেকেই তিনি সংস্কারের কথা বলেছেন।

“এটি স্রেফ ইতিবাচক শিরোনাম তৈরি করার জন্য নয়, বরং খেলার জন্য যা সঠিক, এটি সেই বিষয়ে। উপযুক্ত কাজগুলি করার ব্যাপারে আমি আগের চেয়ে অনেক বেশি দৃঢ়প্রতিজ্ঞ ও প্রতিশ্রুতিবদ্ধ। ফিফা সবসময় সক্রিয়। আমিও সবসময় সক্রিয় এবং শুনতে চাই, কীভাবে আমরা সর্বত্র সকলের কল্যাণে ফুটবলের আরও প্রসার ঘটাতে পারি।”