এখন এমবাপেকে ‘দলে টানবে না’ রেয়াল মাদ্রিদ
স্পেনের সফলতম ক্লাবটির কোচ কার্লো আনচেলত্তি বলেছেন, তাদের স্কোয়াডে আপাতত আর কাউকে যোগ করা হবে না।
গ্রীষ্মের দলবদল শেষের দিকে চলে এলেও থেমে নেই কিলিয়ান এমবাপের রেয়াল মাদ্রিদে যোগ দেওয়ার গুঞ্জন। তবে নিজেদের অবস্থান স্পষ্ট করে দিলেন কার্লো আনচেলত্তি। স্প্যানিশ ক্লাবটির কোচ বললেন, স্কোয়াডে আপাতত আর কাউকে যুক্ত করবেন না তারা।
গত বছর এমবাপেকে দলে টানার জোর চেষ্টা চালিয়েছিল রেয়াল। ফরাসি ফরোয়ার্ডও প্রাথমিকভাবে সম্মত হয়েছিলেন, তবে শেষ পর্যন্ত পিএসজিতে দুই বছরের চুক্তি করেন তিনি৷ এই দলবদলে ফের গণমাধ্যমে খবর আসে, বিশ্বকাপ জয়ী এই ফুটবলারের মাদ্রিদের ক্লাবটিতে যোগ দেওয়ার সম্ভাবনা নিয়ে।
যার শুরুটা হয় এমবাপের পিএসজিতে চুক্তি নবায়নে রাজি না হওয়ার পর থেকে। যদিও ২৪ বছর বয়সী এই ফুটবলার শুরু থেকেই বলে আসছেন যে, এই মৌসুমে প্যারিসের ক্লাবটিতেই থাকবেন তিনি। গুঞ্জন রয়েছে, আগামী বছর তিনি 'ফ্রি এজেন্ট' হিসেবে রেয়ালে যোগ দেবেন।
এমবাপেকে পিএসজি শর্ত দিয়েছিল ক্লাবে থাকতে হলে চুক্তি নবায়ন করতে হবে। অন্যথায় চলে যেতে হবে এবারই। মূল দলের বাইরেও রাখে এই ফরোয়ার্ডকে। এরপর সৌদি আরবের ক্লাব আল হিলাল প্রস্তাব দিলেও রেয়াল আনুষ্ঠানিকভাবে কোনো প্রস্তাব পাঠায়নি পিএসজিকে।
সম্প্রতি পিএসজির মূল দলের অনুশীলনে ফেরা এমবাপে খেলে ফেলেছেন একটি ম্যাচও। সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, চুক্তি নবায়নেও নাকি রাজি তিনি। তার বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে আগামী বছরের জুনে।
এবার আনচেলত্তিও উড়িয়ে দিলেন এমবাপের অন্তত চলতি দলবদলে রেয়ালে যোগ দেওয়ার সম্ভাবনা। লা লিগায় আগামী শুক্রবার সেল্তা ভিগোর বিপক্ষে খেলবে স্পেনের সফলতম ক্লাবটি। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে এমবাপেকে নিয়ে প্রশ্নে আনচেলত্তি বলেন, “না, আমি এটা (গ্রীষ্মের দলবদলে এমবাপের রেয়ালে আসার সম্ভাবনা) পুরোপুরি বাতিল করে দিচ্ছি।”
“আমি মনে করি, আমাদের স্কোয়াড পূর্ণ হয়ে গেছে এবং খেলোয়াড়রা আমাদের মৌসুম নিয়ে ভাবছে।”
