দি মারিয়ার চোটের মাত্রা জানার অপেক্ষা
সৃজনশীল এই মিডফিল্ডারের চোট কতটা গুরুতর, জানতে উন্মুখ আর্জেন্টিনা ও ইউভেন্তুস।
ছলছল চোখে আনহেল দি মারিয়া মাঠ ছাড়ার পর পেরিয়ে গেছে অনেকটা সময়। এখনও সৃজনশীল এই মিডফিল্ডারের চোট নিয়ে জানা যায়নি কিছু। স্বাভাবিকভাবেই অধীর হয়ে আছে তার জাতীয় দল আর্জেন্টিনা ও ক্লাব ইউভেন্তুস।
কাতার বিশ্বকাপের বাকি আর পাঁচ সপ্তাহ। তাই খুব বেশি সময় নেই দি মারিয়ার হাতে।
চ্যাম্পিয়ন্স লিগে মঙ্গলবার ম্যাকাবি খাইফার বিপক্ষে ইউভেন্তুসের ২-০ গোলে হারের ম্যাচে প্রথমার্ধে ঊরুর পেশিতে অস্বস্তি অনুভব করায় মাঠ ছাড়েন দি মারিয়া।
দৌড়াতে দৌড়াতে ২৪তম মিনিটে হঠাৎ থেমে যান তিনি। হাত দিয়ে চেপে ধড়েন ডান ঊরু। এরপর হাত দিয়ে ইশারা করেন ডাগআউটের দিকে।
মাঠ ছেড়ে বাইরে যাওয়ার সময় তাকে খুবই হতাশ ও বিধ্বস্ত মনে হচ্ছিল। জার্সিতে মুখ ঢাকতে দেখা যায় ৩৪ বছর বয়সী তারকাকে।
তার চোটের ধরন নিয়ে ক্লাবের পক্ষ থেকে এখনও কিছু জানানো হয়নি। তবে ইতালিয়ান গণমাধ্যমগুলো জানিয়েছে, বৃহস্পতিবার পরীক্ষা-নিরীক্ষা হবে দি মারিয়ার। এরপর জানা যাবে তার চোট কতটা গুরুতর।
ফরাসি ক্লাব পিএসজি থেকে গত গ্রীষ্মের দলবদলে ইতালির সফলতম ক্লাবে আসেন দি মারিয়া। চোট কাটিয়ে গত মাসে মাঠে ফেরেন তিনি। এখন আবার চোট পেলেন। ইউভেন্তুসের পাশাপাশি আর্জেন্টিনার জন্য যা বড় দুর্ভাবনার।
এর আগে গত রোববার রোমার হয়ে সেরি আ-র ম্যাচে খুঁড়িয়ে মাঠ ছাড়েন আর্জেন্টাইন ফরোয়ার্ড পাওলো দিবালা। তার চোটের অবস্থা সম্পর্কে এখনও কিছু জানায়নি ইতালিয়ান ক্লাবটি।
