২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

সুপার সিক্সে এসে মধুর প্রতিশোধ নিল মেরিনার্স

প্রিমিয়ার ডিভিশন হকি লিগে প্রথম পর্বের হারের শোধ মেরিনার ইয়াংস তুলল সুপার সিক্সে প্রথম ম্যাচে।

ক্রীড়া প্রতিবেদক

Published : 06 Apr 2024, 04:40 PM

Updated : 06 Apr 2024, 04:40 PM

এবার আর একপেশে লড়াই হলো না। আক্রমণ, পাল্টা আক্রমণে জমে ওঠা ম্যাচে ঊষা ক্রীড়া চক্রকে হারিয়ে মধুর প্রতিশোধ নিল মেরিনার ইয়াংস। 

মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে শনিবার ঊষাকে ৫-৩ গোলে হারিয়েছে মেরিনার্স। দুই দলের প্রথম পর্বের দেখায় ৫-১ ব্যবধানে জিতেছিল ঊষা। 

মেরিনার্সের পাঁচ জন পান জালের দেখা; অধিনায়ক ফজলে হোসেন রাব্বি, মাঈনুল ইসলাম কৌশিক, সোহানুর রহমান সবুজ, রাজিন্দর সিং ও দীপক রায়। ঊষার ইশরাত ইকতিদার হ্যাটট্রিক করেও দলের পরাজয় ঠেকাতে পারেননি। 

তৃতীয় মিনিটে রাজিন্দরের ফিল্ড গোলে এগিয়ে যায় মেরিনার্স। চতুর্দশ মিনিটে কৌশিকের ফিল্ড গোলে ব্যবধান দ্বিগুণ করে শিরোপাধারীরা। 

দ্বিতীয় কোয়ার্টারেও ঊষাকে কোণঠাসা করে রাখে মেরিনার্স। ২১তম মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে ব্যববধান আরও বাড়ান সবুজ। 

এর তিন মিনিট পর ইকতিদারের ফিল্ড গোলে ঘুরে দাঁড়ানোর শুরু ঊষার। ৪৩ মিনিটে ব্যবধান আরও কমান এই ভারতীয় খেলোয়াড়। 

তবে, ৪৪ মিনিটে দীপক ও ৫১তম মিনিটে রাব্বির গোলে জয়ের পথে অনেকটাই এগিয়ে যায় মেরিনার্স। ৫৮তম মিনিটে ইকতিদার হ্যাটট্রিক পূরণ করেন, যদিও তা কেবল ব্যবধানই কমায়।