২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

পেদ্রিকে নেতা হিসেবে দেখতে চান বার্সেলোনা কোচ

হান্সি ফ্লিকের কথায় দলে নিজেকে আরও বেশি গুরুত্বপূর্ণ অনুভব করছেন স্প্যানিশ মিডফিল্ডার।

পেদ্রিকে নেতা হিসেবে দেখতে চান বার্সেলোনা কোচ
বার্সেলোনার মাঝমাঠের ভরসা পেদ্রি। ছবি: রয়টার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2025, 09:18 PM

Updated : 26 Aug 2026, 02:23 PM

মাঠের পারফরম্যান্সে মুগ্ধতা ছড়িয়ে যাচ্ছেন পেদ্রি। তার কাছে চাওয়া অবশ্য আরও বেশি হান্সি ফ্লিকের। স্প্যানিশ মিডফিল্ডারকে দলের নেতা হিসেবে দেখতে চান বার্সেলোনা কোচ। কোচের এমন চাওয়ায় নিজেকে এখন আরও গুরুত্বপূর্ণ মনে হচ্ছে পেদ্রির। 

২০২০ সালে ১৭ বছর বয়সে বার্সেলোনায় যোগ দেন পেদ্রি। সময়ের সঙ্গে দলটির সবচেয়ে গুরুত্বপূর্ণ সদস্যদের একজন হয়ে উঠেছেন তিনি। নিজেকে গড়ে তুলেছেন কাতালান ক্লাবটির মাঝমাঠের ভরসা হিসেবে।

ক্লাবটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত ২১০ ম্যাচ খেলেছেন পেদ্রি। ২৭ গোল করার পাশাপাশি সতীর্থদের ২১টি গোলে রেখেছেন সরাসরি ভুমিকা। চলতি মৌসুমে দলটির খেলা আট ম্যাচেই শুরুর একাদশে ছিলেন তিনি। লা লিগায় লেভান্তের বিপক্ষে পান জালের দেখা।

গত মৌসুমে বার্সেলোনার লা লিগা, স্প্যানিশ কাপ, স্প্যানিশ সুপার কাপ জয়ে বড় অবদান রাখেন পেদ্রি; সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৯ ম্যাচে ৬ গোল করেন তিনি, অ্যাসিস্ট করেন ৮টি। কোপা দেল রের ফাইনালে রেয়াল মাদ্রিদকে ৩-২ ব্যবধানে হারানোর ম্যাচে দলের প্রথম গোলটি করেন পেদ্রি।

নিউক্যাসল ইউনাইটেডকে ২-১ গোলে হারিয়ে এবারের চ্যাম্পিয়ন্স লিগ শুরু করেছে বার্সেলোনা। দ্বিতীয় ম্যাচে বুধবার ঘরের মাঠে শিরোপাধারী পিএসজির বিপক্ষে খেলবে স্প্যানিশ চ্যাম্পিয়নরা।

আগের দিন সংবাদ সম্মেলনে কোচ ফ্লিকের সঙ্গে আসেন পেদ্রি। সেখানেই তার কাছে কোচের প্রত্যাশার কথা বলেন ২২ বছর বয়সী এই ফুটবলার।

“কোচ আমাকে এটাই বলেছেন যে, তিনি চান আমি যেন আরও একধাপ এগিয়ে যাই, শুধু মাঠে নয় ড্রেসিং রুমেও। আমার জন্য যদিও এটা কঠিন হচ্ছে, কারণ এই দলে আমি খুব অল্প বয়সে এসেছিলাম। তবে (কোচের কথায়) নিজেকে আরও গুরুত্বপূর্ণ মনে হচ্ছে এবং আমি এই দায়িত্ব পালনের চেষ্টা করব।”

পরে পেদ্রির উচ্ছ্বসিত প্রশংসা করেন বার্সেলোনার জার্মান কোচ ফ্লিক। 

“সে অনেক উন্নতি করেছে, বল পায়ে তার পারফরম্যান্স সবাই দেখতে পাচ্ছে। একটি দলে কয়েকজন নেতা থাকা গুরুত্বপূর্ণ; এটা অধিনায়কের দায়িত্বের অংশ।”