‘সম্রাটকে’ স্মরণ করার রাতে লেভানদোভস্কির রেকর্ড ছুঁলেন কেইন
বুন্ডেসলিগায় প্রথম মৌসুমেই দারুণ পারফরম্যান্সের পথ ধরে একটি রেকর্ডে নাম লেখালেন ইংলিশ স্ট্রাইকার।
বায়ার্ন মিউনিখের সমর্থক, ফুটবলার ও গোটা ক্লাবের জন্যই রাতটি ছিল আবেগের। ফ্রানৎস বেকেনবাউয়ারের মৃত্যুর পর তাদের প্রথম ম্যাচ। ক্লাবের সর্বকালের সেরা নায়ককে সম্মান জানাতে ছিল নানা আয়োজন। শুধু নানা আনুষ্ঠানিকতায় নয়, মাঠের ফুটবলেও জার্মান সম্রাটকে দারুণ জয়ে শ্রদ্ধার্ঘ্য জানায় বায়ার্ন। সেই জয়ের পথে দারুণ এক রেকর্ডে নিজের নাম লেখান হ্যারি কেইন।
বুন্ডেসলিগায় শুক্রবার হফেনহেইমকে ৩-০ গোলে হারায় বায়ার্ন। দুই অর্ধে দুটি গোল করে দলের জয় অনেকটা নিশ্চিত করে দেন জামাল মুসিয়ালা। শেষ দিকে জালের দেখা পান কেইন।
জার্মান ফুটবলে প্রথম মৌসুমেই এই ইংলিশ স্ট্রাইকার ২২ গোল করে ফেললেন স্রেফ ১৬ ম্যাচে। বুন্ডেসলিগায় মৌসুমের মাঝপথে সর্বোচ্চ গোলের রেকর্ডে তিনি স্পর্শ করলেন রবের্ত লেভানদোভস্কিকে।
তবে ম্যাচের আবহজুড়ে ছিলেন বেকেনবাউয়ারই। জার্মানরা যাকে ভালোবেসে বলতেন ‘ডের কাইজার’ বা ‘সম্রাট।’ তবে বায়ার্নের কাছে তার আবেদন আরও বেশি। সত্তরের দশকে বেকেনবাউয়ারের হাত ধরেই টানা তিনটি ইউরোপিয়ান কাপ (চ্যাম্পিয়ন্স লিগ) জয়ের পাশাপাশি ইউরোপিয়ান ফুটবলে বায়ার্ন হয়ে ওঠে পরাশক্তি। পরে তিনি ছিলেন ক্লাবের প্রেসিডেন্টও।
বেকেনবাউয়ারের শেষকৃত্যের কয়েক ঘণ্টা পরই ছিল এই ম্যাচ। গ্যালারির ৭৫ হাজার দর্শকের কণ্ঠে ‘ধন্যবাদ ফ্রানৎ’ উচ্চারণে প্রকম্পিত হয়ে ওঠে চারপাশ। দর্শকদের মধ্যে ছিলেন বায়ার্নের সাবেক অনেক তারকা। ম্যাচের আগে গা গরমের সময় বেকেনবাউয়ারের ৫ নম্বর জার্সি গায়ে অনুশীলন করে গোটা দলের সবাই। স্টেডিয়ামের বড় পর্দায় তখন বেকেনবাউয়ারের নানা কীর্তির ভিডিও দেখানো হয়।
ম্যাচটি খেলতে নামা তারা বিশেষ এক জার্সি পরে, যেটির সামনে খোদাই করা ছিল ‘ধন্যবাদ ফ্রানৎস।’ সবার জার্সিতে কালো ফিতা তো ছিলই।
ম্যাচ শুরুর আগে এক মিনিট নীরবতা পালন করা হয় প্রয়াত নায়কের সম্মানে।
ম্যাচ শুরুর পর নিয়ন্ত্রণ নিতে সময় লাগেনি বায়ার্নের। একের পর এক আক্রমণের পথ ধরে ১৮ মিনিটে গোল করেন মুসিয়ালা।
এই নিয়ে ঘরের মাঠে টানা ৬৫ ম্যাচে গোলের দেখা পেল বায়ার্ন, বুন্ডেসলিগায় যা রেকর্ড।
দ্বিতীয়ার্ধে তিন মিনিটের মধ্যে তিন দফায় সমতায় ফেরার আশা জাগায় হফেনহেইম। তবে দুবার তাদের সামনে বাধার দেয়াল হয়ে দাঁড়ান বায়ার্ন গোলকিপার মানুয়েল নয়ার, একবার বল লাগে ক্রস বারে। পরে ৭০তম মিনিটে লেরয় সানের কাছ থেকে বল পেয়ে গোল করে বায়ার্নকে স্বস্তি দেন মুসিয়ালা। যোগ করা সময়ে রেকর্ড ছোঁয়া গোলের দেখা পান কেইন।
