২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘কুয়েত আগ্রাসী খেললে বাংলাদেশও আগ্রাসী খেলবে’

সেমি-ফাইনালের আগে শারীরিক ক্লান্তিকে পাত্তা দিচ্ছেন না বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া।

বেঙ্গালুরু থেকে মোহাম্মদ জুবায়ের

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2023, 05:04 PM

Updated : 30 Jun 2023, 05:04 PM

নকআউট পর্বের ম্যাচ মানেই ‘ফাইনাল।’ পা হড়কালে আর রক্ষে নেই। বেজে যাবে বিদায় ঘণ্টা। তবে এবারের বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ আসলে ‘ফাইনাল’ খেলছে সেই লেবাননের বিপক্ষে গ্রুপ পর্বের পথচলা শুরুর পর থেকে। গ্রুপের শেষ দুই ম্যাচে শুরুতে গোল হজমের ধাক্কা খেতে হয়েছিল জামাল-জিকোদের। পরে তা দারুণভাবে সামলে, মালদ্বীপ ও ভুটানকে উড়িয়ে তারা পূরণ করেছেন সেরা চারে ওঠার লক্ষ্য। স্বাভাবিকভাবে  শক্তিশালী কুয়েতের বিপক্ষে ভরপুর আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামবে বাংলাদেশ।

বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে শনিবার বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টায় মুখোমুখি হবে দুই দল। শুক্রবার সংবাদ সম্মেলনে জামাল ভূঁইয়ার কণ্ঠে আত্মবিশ্বাসী উচ্চারণ শোনা গেল একাধিকবার। প্রতিযোগিতার রেকর্ড আটবারের চ্যাম্পিয়ন ভারতকে পেছনে ফেলে ‘এ’ গ্রুপের সেরা হওয়া কুয়েতকে যথেষ্ঠ সমীহও করছেন বাংলাদেশ অধিনায়ক।

“আমরা জানি কুয়েত খুব ভালো দল, শক্তিশালী দল। কুয়েত তাদের গ্রুপে সেরা হয়েছে। এটাই ইঙ্গিত দেয় যে, তারা অনেক শক্তিশালী দল। তবে আমাদের নিজেদের ভেতরেও আত্মবিশ্বাস আছে। আমাদের এমন একটা দল আছে যারা লড়তে জানে এবং প্রতিপক্ষকে বিপদে ফেলতে পারে। আমরা যদিও ক্লান্ত, তবে আমরা মানসিকভাবে শতভাগ প্রস্তুত এই ম্যাচের জন্য।”

“কুয়েত আগ্রাসী খেললে আমরাও আগ্রাসী খেলব। তবে আমরা আমাদের খেলাটাই খেলব, তাদের খেলাটা খেলব না। আমাদেরকে নিজেদের দিকে মনোযোগ দিতে হবে, খেয়াল রাখতে হবে যেন আমরা গোল হজম না করে বসি। নিজেদের রক্ষণের দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে, গোল করার দিকে মনোযোগ দিতে হবে। আমাদেরকে শুধু নিজেদের দিকেই মনোযোগ রাখতে হবে, যদি আমরা তাদের মতো করে খেলার চেষ্টা করি, তাহলে ম্যাচটা অনেক কঠিন হয়ে যাবে।”

সতীর্থদের ‘অতিরিক্ত আত্মবিশ্বাসী’ হতে সবসময় বারণ করেন জামাল। কুয়েতের বিপক্ষে মহারণ সামনে রেখে সে কথা ফের মনেও করিয়ে দিলেন অধিনায়ক। জানালেন স্রেফ অংশ নিতে বেঙ্গালুরুতে আসেনি তার দল।

“আমাদের দলের এখন বেশ আত্মবিশ্বাস আছে। তবে অতি আত্মবিশ্বাস কিন্তু আবার ভালো নয়। কুয়েতের প্রতি আমাদের যথেষ্ট সম্মান আছে, ভারতের বিপক্ষে তাদের ম্যাচ আমরা দেখেছি। কুয়েতের বিপক্ষে আমাদের পরিকল্পনা কী হবে সেটা আমরা টিম মিটিংয়ে ঠিক করব। তবে আমরা ফাইনালের থেকে মাত্র এক ম্যাচ দূরে দাঁড়িয়ে, যেটা আমাদের জন্য অনেক কিছু।”

“আগেই বলেছি আমরা সাফে অংশ নিতে আসিনি, আমরা এখানে এসেছি দারুণ কিছু করে দেখাতে। আমরা জানি বাংলাদেশের অসংখ্য মানুষ এই ম্যাচ দেখবে যারা আমাদের জন্য প্রার্থনা করবে। আমাদের নিজেরও অনেক দায়িত্ব আছে এবং আমরা সেই দায়িত্বটা নিচ্ছি। আমরা দারুণ কিছু করে দেখাতে চাই। আমার বিশ্বাস আছে আমরা ভালো কিছু করেই দেখাব।”

২০০৯ সালের পর এই প্রথম সাফের সেমি-ফাইনালে খেলছে বাংলাদেশ। গত আসরে দারুণ আশা জাগিয়েও রাউন্ড রবিন লিগ থেকে ছিটকে যায় দল। এবার যে জামাল-জিকোদের নিয়ে বাজি ধরার লোক বেশি ছিল, তাও নয়। জামাল জানালেন বরাবরের নিজেদের উপর বিশ্বাস ছিল তাদের।

“আপনারা হয়তো জানেন আগের পাঁচ সাফে আমাদের দলগুলো র‍্যাঙ্কিংয়ে অনেক এগিয়ে ছিল। এবারের দলগুলোর মধ্যে আমরা র‍্যাঙ্কিংয়ে তলানীর দিকে দ্বিতীয় দল। কেউ আমাদের কাছে বড় কিছুর প্রত্যাশা করেনি। একটা বিষয় কী,আমাদের কোচিং স্টাফরা লম্বা সময় ধরে এই টুর্নামেন্টের জন্য প্রস্তুতি নিয়েছি।”

“কয়েক মাস আগে আমরা সৌদি আরবে প্রস্তুতি নিয়েছি। সাফের প্রস্তুতি তখনই শুরু হয়েছে। সত্যি বলতে আমি কিন্তু অবাক হইনি যে আমরা এতদূর পর্যন্ত এসেছি। আমাদের নিজেদের প্রতি আমাদের বিশ্বাস ছিল বলেই আমরা আজ এই পর্যন্ত এসেছি।”

১৪ বছর সেমি-ফাইনালে উঠতে না পারার গেরো কাটানো দলকে নিয়ে যে দেশের ফুটবলপ্রেমীরাও আশার জাল বুনছেন, তার অনুভব করতে পারছেন জামাল। দেশবাসীকে আরও আনন্দের উপলক্ষ্য উপহার দিতে চান তিনি।

“আমরা সবাই এটা অনুভব করতে পারছি যে দেশের মানুষ আমাদের সমর্থন দিচ্ছেন। এটা আমার জন্য ভীষণ অনুপ্রেরণার। খুবই ভালো লাগছে। এই সেমি-ফাইনাল, ফাইনাল-সবই আমাদের হাতে আছে। বাংলাদেশের যারা ফুটবল সমর্থক আছে, তারা আমাদের কাছে ফাইনাল খেলা আশা করে। যদি আমরা একটা ইতিবাচক ফল করতে পারি, তাহলে ফুটবলকে ঘিরে প্রত্যাশা আরও উঁচুতে উঠবে।”

গত বছর নেপালের কাঠমাণ্ডুতে হওয়া মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপে প্রথমবারের মতো শিরোপা জিতেছে বাংলাদেশ। সাবিনা-কৃষ্ণাদের সাফল্যে নিয়ে এর আগেও প্রশংসা ঝরেছে জামালের কণ্ঠে। মেয়েদের সাফল্য থেকে অনুপ্রেরণা নেওয়ার কথাও সংবাদ সম্মেলনে বললেন তিনি।

“মেয়েরা শেষ সাফ জিতেছে। পুরো দেশ তাদের সাফল্যে ভীষণ খুশি হয়েছিল। অবশ্যই আমরা তাদের মতো সাফল্য এনে দিতে চাই, সেই সাফল্যের পুনরাবৃত্তি ঘটাতে চাই। এবং সেটা সম্ভব হলে এই সাফল্যটা হয়তো আরও বড় কিছু হবে। আমার বিশ্বাস নারী ফুটবলাররা, পুরো দল কোচিং স্টাফ আমাদের খেলা দেখবে। সবচেয়ে বড় বিষয় আমরা একে অপরকে সমর্থন দেই। আমরা তাদের মতোই দেশকে সাফল্য উপহার দিতে চাই।”