২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘শর্তসাপেক্ষে’ আবু ও মিজানের পদত্যাগপত্র গ্রহণ করেছে বাফুফে

তদন্তের স্বার্থে ডাকা মাত্র উপস্থিত হওয়ার শর্তে এই দুই কর্মকর্তার পদত্যাগ পত্র গ্রহণ করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

‘শর্তসাপেক্ষে’ আবু ও মিজানের পদত্যাগপত্র গ্রহণ করেছে বাফুফে

আবু হোসেন ও মিজানুর রহমান।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2023, 09:02 PM

Updated : 23 Jul 2023, 09:08 PM

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের দুই কর্মকর্তা ম্যানেজার অপারেশন্স মিজানুর রহমান ও প্রধান হিসাবরক্ষক আবু হোসেন পদত্যাগ করেছেন। শর্তসাপেক্ষে তাদের পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। 

দুই মাস আগে দুর্নীতির অভিযোগে বৈশ্বিক ফুটবলের নিয়ন্তা সংস্থা ফিফা ওই সময়ের বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগকে নিষিদ্ধ করে। তার ওই আর্থিক কেলেংকারি খতিয়ে দেখতে এবং অধিকতর তদন্তের স্বার্থে কমিটি গঠন করেছিল বাফুফে। কমিটির কার্যক্রম শুরুর পরই মিজানুর রহমান ও আবু হোসেন পদত্যাগপত্র দিয়েছিলেন। 

বাফুফে ওই তদন্ত কমিটি রোববার দশমবারের মতো সভায় বসেছিল। সভা শেষে কমিটির প্রধান ও বাফুফের সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ ওই দুই কর্মকর্তার পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে বলে জানান। 

“আবু হোসেন ও মিজানুর রহমানের পদত্যাগপত্র শর্তসাপেক্ষে গ্রহণ করা হয়েছে। তদন্তের স্বার্থে যখনই প্রয়োজন হবে, তারা উপস্থিত থাকতে বাধ্য থাকবে।” 

নির্ধারিত ৩০ কার্যদিবসের সময়সীমা পেরিয়ে যাওয়ার পর কমিটির আগের সভা শেষে তদন্ত রিপোর্ট এ মাসের মধ্যে জমা দেওয়ার কথা বলেছিলেন নাবিল। এবারও জানালেন জুলাইয়ের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার আশাবাদ। বললেন, তদন্তের কাজ শেষ পর্যায়ে।

গত এপ্রিলের মাঝামাঝি সোহাগকে বিধি ভঙ্গের দায়ে দুই বছরের জন্য ফুটবলের সব ধরনের কর্মকাণ্ড থেকে নিষিদ্ধ করে ফিফা। তাকে ১০ হাজার সুইস ফ্রাঁ জরিমানাও করা হয়। 

ফিফার ফান্ডের অপব্যবহারের কারণে সোহাগকে নিষেধাজ্ঞা দেওয়া হয় বলে ফিফার বিবৃতিতে জানানো হয়েছিল। সেখানে বলা হয়েছিল, বাফুফেকে দেওয়া ফিফার ফান্ডের খরচের হিসাব দিতে ভুয়া কাগজপত্র দাখিল করা হয়েছে। 

ওই সময় সোহাগের মতো আবু ও মিজানুরের যোগসাজশের গুঞ্জন উঠেছিল। দুজনেই পদত্যাগপত্র জমা দিলে তা গুঞ্জনে যোগ করে নতুন মাত্রা।