২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

২৮ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি টানলেন বুফ্ফন

৪৫ বছর বয়সে পেশাদার ফুটবলকে বিদায় জানালেন ইতালির কিংবদন্তি গোলকিপার।

২৮ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি টানলেন বুফ্ফন

ক্লাব পর্যায়ে সবচেয়ে লম্বা ও সাফল্যমণ্ডিত অধ্যায়টা ইউভেন্তুসের জার্সিতে কাটান জানলুইজি বুফ্ফন

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2023, 09:00 PM

Updated : 02 Aug 2023, 09:25 PM

অন্তত ৫৫ বছর বয়স পর্যন্ত খেলে যাওয়ার ইচ্ছার কথা জানিয়েছিলেন গত বছর। তবে ফুটবলের আঙিনায় আর খুব বেশি লম্বা হলো না জানলুইজি বুফ্ফনের পথচলা। প্রায় তিন দশকের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি টেনে পেশাদার ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন ইতালির কিংবদন্তি গোলকিপার।

৪৫ বছর বয়সী বুফ্ফন বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ছোট্ট বার্তায় জানান অবসরের কথা। সঙ্গে জুড়ে দেন তার ক্যারিয়ারের বিভিন্ন মুহূর্তের এক মিনিটের একটি ভিডিও।

“এখানেই শেষ বন্ধুরা! আপনারা আমাকে সবকিছু দিয়েছেন। আমিও আপনাদের সবকিছু দিয়েছি। আমরা একসঙ্গে তা করেছি।”

সব সময়ের সেরা গোলকিপারদের একজন বলে বিবেচিত বুফ্ফনের পেশাদার ক্যারিয়ার শুরু হয়েছিল যেখানে, সেই পার্মাতে থেকেই বিদায় জানালেন তিনি। ১৯৯৫ সালে ইতালিয়ান ক্লাবটির হয়ে তার অভিষেক ১৭ বছর বয়সে। পরে ইউভেন্তুস, পিএসজিতে রাঙিয়ে, অসংখ্য রেকর্ড-অর্জনে নাম লিখিয়ে অবশেষে থামলেন তিনি।    

১৩ বছর বয়সে ১৯৯১ সালে পার্মার একাডেমিতে যোগ দেন বুফ্ফন। প্রাথমিকভাবে মিডফিল্ডে খেলতেন তিনি। তবে তার উচ্চতা ও শারীরিক গড়নের কারণে পরবর্তীতে বনে যান গোলকিপার।

পার্মার হয়ে প্রথম ধাপে ২২০ ম্যাচ খেলে ২০০১ সালে ইউভেন্তুসে যোগ দেন বুফফন। তিন কোটি ৩০ লাখ পাউন্ড ট্রান্সফার ফির সৌজন্যে ওই সময়ে তিনিই ছিলেন বিশ্বের সবচেয়ে দামি গোলকিপার। তুরিনের ক্লাবটিতেই কাটান ক্যারিয়ারের সবচেয়ে লম্বা সময়।

Image

সেরি আ যুগে সবচেয়ে বেশি ট্রফি জয়ের রেকর্ড বুফ্ফনের।

দুই দফায় ইউভেন্তুসের হয়ে প্রায় দুই দশকের অধ্যায়ে তিনি সেরি আ শিরোপা জেতেন মোট ১০টি। ইতালিয়ান সুপার কাপ ৬টি ও ইতালিয়ান কাপ জেতেন ৫টি। সেরি আয় বর্ষসেরা গোলকিপারের পুরস্কার জেতেন ১৩ বার।

ইউভেন্তুসের হয়ে সব মিলিয়ে তিনি ম্যাচ খেলেছেন ৬৮৫টি। ক্লাবটির হয়ে যা দ্বিতীয় সর্বোচ্চ। ৭০৫ ম্যাচ খেলে রেকর্ডটি তার দীর্ঘদিনের সতীর্থ আলেস্সান্দ্রো দেল পিয়েরোর।  

সেরি আয় সবচেয়ে বেশি ম্যাচ (৬৪৮) খেলার রেকর্ড অবশ্য বুফ্ফনের। ইতালির শীর্ষ লিগটিতে সবচেয়ে লম্বা সময় (৯৭৪ মিনিট) গোল না হজমের রেকর্ডও তার। সেরি আ যুগে (১৯২৭ থেকে) লিগে সবচেয়ে বেশি শিরোপা জয়ের রেকর্ডও তার নামের পাশেই শোভা পাচ্ছে।

ইউভেন্তুস থেকে ২০১৮ সালে তিনি যোগ দেন পিএসজিতে। প্যারিসে এক মৌসুম খেলে জেতেন লিগ ওয়ান শিরোপা। সেখান থেকে ২০১৯ সালে ফেরেন পুরনো ঠিকানা ইউভেন্তুসে। এ যাত্রায় তুরিনে খেলেন দুই মৌসুম।

Image

গোলবারের নিচে নির্ভরতার নাম ছিলেন বুফ্ফন।

২০২১ সালে শৈশবের ক্লাব পার্মাতে ফিরে যান বুফ্ফন। গত বছরের ফেব্রুয়ারিতে সেরি বি-এর দলটিতে চুক্তির মেয়াদ বাড়ান তিনি ২০২৪ সালের জুন পর্যন্ত। কিন্তু প্রায় এক বছর আগেই শেষ গেল সেই চুক্তি। এর যথেষ্ট কারণও অবশ্য আছে।

গত মৌসুমে হ্যামস্ট্রিংয়ের চোট বেশ ভোগায় তাকে। ২০২২-২৩ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে খেলতে পারেন কেবল ১৯ ম্যাচ। পার্মার হয়ে এই দফায় দুই মৌসুমে সব মিলিয়ে ৪৫ ম্যাচ খেলেন তিনি।

ইতালি জাতীয় দলের জার্সিতেও বেশ লম্বা পথচলা বুফ্ফনের। ১৯৯৭ থেকে ২০১৮ পর্যন্ত দেশের হয়ে খেলেন রেকর্ড ১৭৬ ম্যাচ। ২০০৬ সালে পান বিশ্বকাপ জয়ের স্বাদ।

ফুটবলের সর্বোচ্চ পর্যায়ে চ্যাম্পিয়ন্স লিগ শিরোপাটাই শুধু জেতা হয়নি বুফ্ফনের। ইউভেন্তুসের হয়ে তিনবার ইউরোপ সেরার প্রতিযোগিতাটির ফাইনালে খেলে তাকে ফিরতে হয় শূন্য হাতে।