লেভানদোভস্কির ৪১ গোলের রেকর্ডও ভেঙে দেবেন কেইন, বিশ্বাস টুখেলের
রবের্ত লেভানদোভস্কির রেকর্ড এখন হুমকির মুখে, বলছেন বায়ার্ন মিউনিখ কোচ।
বায়ার্ন মিউনিখে যোগ দেওয়ার পর থেকে নিয়মিত গোল করে চলেছেন হ্যারি কেইন। নাম লেখাচ্ছেন তিনি একের পর এক রেকর্ডে। সামনে হাতছানি আছে আরও। বায়ার্ন কোচ টমাস টুখেলের বিশ্বাস, বুন্ডেসলিগার এক আসরে রবের্ত লেভানদোভস্কির সর্বোচ্চ গোলের রেকর্ডও নিজের করে নেবেন ইংলিশ স্ট্রাইকার।
২০২১ সালের মে মাসে লেভানদোভস্কি ইতিহাস গড়েন বায়ার্নের হয়েই। জার্মানির শীর্ষ লিগের এক আসরে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়েন তিনি ৪১ বার বল জালে পাঠিয়ে। তার আগে ৩৯ বছর ধরে রেকর্ডটি ছিল জার্মান কিংবদন্তি জার্ড মুলারের।
গত শুক্রবার হফেনহাইমের বিপক্ষে বায়ার্নের ৩-০ গোলে জয়ের ম্যাচে জালের দেখা পেয়ে চলতি আসরে কেইনের গোল হয়েছে ২২টি, ১৬ ম্যাচে। বুন্ডেসলিগায় মৌসুমের মাঝপথে সর্বোচ্চ গোলের রেকর্ডে সে দিন তিনি স্পর্শ করেন লেভানদোভস্কিকে।
এর আগে বুন্ডেসলিগায় দ্রুততম সময়ে প্রথম ১৫ গোল করার রেকর্ড গড়েন তিনি ১০ ম্যাচে। ইংলিশ ফুটবলার হিসেবে বুন্ডেসলিগার এক আসরে সর্বোচ্চ গোলের রেকর্ডও নিজের করে নেন ৩০ বছর বয়সী এই তারকা।
লেভানদোভস্কির ৪১ গোলের রেকর্ড ভাঙতে বায়ার্নের বাকি ১৮ ম্যাচে কেইনকে করতে হবে আরও ২০ গোল। সেই সামর্থ্য তার আছে, ইএসপিএনকে বললেন টুখেল।
“এটি (লেভানদোভস্কির রেকর্ড) হুমকির মুখে। কেউ কখনই ভাবতে পারেনি যে, এই রেকর্ড হুমকির মুখে পড়বে, তবে এটিই এখন সত্যি। আমাদের কিছুটা ভাগ্যের সহায়তা দরকার। হ্যারিকে (কেইন) ফিট থাকতে হবে, এবং তারপর আমরা দেখব কী হতে যাচ্ছে...আমি মনে করি, হ্যারির জন্য কোনো সীমা নেই।”
গত গ্রীষ্মের দলবদলে বায়ার্নে যোগ দেওয়ার আগে ক্লাব ক্যারিয়ারের প্রায় পুরোটাই টটেনহ্যাম হটস্পারের হয়ে খেলেছেন কেইন। ৪৩০ ম্যাচে ২৮০ গোল করে ইংলিশ ক্লাবটির ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা তিনি। প্রিমিয়ার লিগে সর্বোচ্চ গোলের রেকর্ডের তালিকায় কেইন আছেন দুইয়ে, ২১৩ গোল। ২৬০ গোল করে চূড়ায় অ্যালান শিয়েরার।
